দুর্যোগে দর্শক শূন্য বাঁশবেড়িয়া, পিছল বিসর্জনের দিনও
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চন্দননগর: প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিকে যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা স্থগিত রাখা হয়েছে, তেমনই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় বৃহস্পতিবার দর্শনার্থীর সংখ্যা ছিল কার্যত শূন্য। ঝড়-বৃষ্টির কারণে কার্তিক শোভাযাত্রা ২১ নভেম্বরের পরিবর্তে হবে ২৪ নভেম্বর।

Advertisement

প্রতি বছর বাঁশবেড়িয়ার ঐতিহাসিক কার্তিক ঠাকুর দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়। এই বছর সেই চিত্র ছিল অন্যরকম। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ও বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কার্যত একই সময় হওয়ায় অন্যান্য বছরের তুলনায় বাঁশবেড়িয়ায় দর্শনার্থীর সংখ্যা কমেছে। অনেকেই ভেবেছিলেন, চন্দননগরে জগদ্ধাত্রীর বিসর্জনের পর ভিড় বাড়বে বাঁশবেড়িয়ায়। বৃহস্পতিবার সারাদিনের বৃষ্টি সবই পণ্ড করে দিয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে থিমের মণ্ডপ। বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের ২৩ বছরের পুজোর থিম ‘ইতিকথা’। প্রতিটি পুরানো বস্তু একটি সময়ের সাক্ষী। স্মৃতিচিহ্ন। একটি গল্পের বাহক। সময়ের ধুলো সরিয়ে পুজো উদ্যোক্তারা সেই সমস্ত সামগ্রীকে তুলে এনেছেন মণ্ডপে। পুরানো টেলিফোন, স্কুটার, টিভি, বায়োস্কোপ ইত্যাদি স্থান পেয়েছে মণ্ডপে। পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, থিমের এই সমস্ত উপাদান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিড় কম হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম খামতি রাখা হয়নি। পর্যাপ্ত পুলিশ, স্বাস্থ্য শিবির, শৌচালয়ের ব্যবস্থা রাখা হয়। অন্যদিকে, ২১ নভেম্বর বাঁশবেড়িয়া কার্তিক প্রতিমা বিসর্জনের দিন নির্দিষ্ট হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে শোভাযাত্রা ও বিসর্জনের দিন পরিবর্তন করল বাঁশবেড়িয়া সাহাগঞ্জ কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি। কেন্দ্রীয় কমিটির সঙ্গে সকল পুজো কমিটির বৈঠকে হয় এদিন। সন্ধ্যায় সিদ্ধান্ত হয়, ২৪ নভেম্বর বিসর্জনের শোভাযাত্রা হবে। ২০ নভেম্বর পর্যন্ত মণ্ডপ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।