Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট টাউন ক্লাবের ১২৫ তম বর্ষে নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া ইতিহাসের গর্ব বালুরঘাট টাউন ক্লাব এবছর ১২৫ তম বর্ষে পদার্পণ করেছে। এই ক্লাবকে ঘিরে জেলার প্রাচীন ক্রীড়া ইতিহাস ও ঐতিহ্যের নানান ঘটনা জড়িয়ে রয়েছে।

বালুরঘাট টাউন ক্লাবের ১২৫ তম বর্ষে নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুজয় সরকার, হিলি: দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া ইতিহাসের গর্ব বালুরঘাট টাউন ক্লাব এবছর ১২৫ তম বর্ষে পদার্পণ করেছে। এই ক্লাবকে ঘিরে জেলার প্রাচীন ক্রীড়া ইতিহাস ও ঐতিহ্যের নানান ঘটনা জড়িয়ে রয়েছে। ক্লাবের ইতিহাসের বিশেষ এই সন্ধিক্ষণকে সামনে রেখে ক্লাব কর্তৃপক্ষ বছরভর একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

Advertisement

প্রতিষ্ঠা পর্ব থেকে ক্লাবের মূল খেলা ফুটবল হলেও পরবর্তীতে ক্রিকেট ও বর্তমান সময় ব্যাডমিন্টনেও খেলোয়াড়রা বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। ক্লাবের সভাপতি তাপস চট্টোপাধ্যায় জানান, বালুরঘাট সাহেব কাছারির জমিদার রাজেন সান্যাল খেলাধুলোর প্রসারে ক্লাবকে জমি দান করেছিলেন। তাঁর লক্ষ্যকে সম্মান জানিয়ে ক্লাব খেলাধুলোর বিকাশে নিরন্তর কাজ করে চলেছে।
ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, টাউন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। ক্লাবের প্রারম্ভিক পর্বের কিছু সময়ের নথি পাওয়া যায়নি। তবে পরবর্তী সময়ে প্রাপ্ত কিছু নথির ভিত্তিতে জানা গিয়েছে, ১৯৩৬ -৩৭  সালে টাউন ক্লাবের সম্পাদক ছিলেন বিশিষ্ট নাট্যকার মন্মথ রায়। এ প্রসঙ্গে  ক্লাবের সহ সভাপতি প্রণব কুমার দাস জানান, ১৯০১ সালে বালুরঘাটের  বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্য একাধিক স্বাধীনতা সংগ্রামীদের উদ্যোগে টাউন ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল।
বালুরঘাট টাউন ক্লাবের একাধিক নামী ফুটবলার যাঁরা বিভিন্ন সময়ে রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের বারবার প্রমাণ করেছেন, তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বিভাস সাহা। তিনি একসময় ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া সনৎ সেন, পাকু চট্টোপাধ্যায়, বাকু চট্টোপাধ্যায়, তপন দে, মলয় ভৌমিক, গোবিন্দ মাহাত, পার্থ মুখোপাধ্যায়, দীপক রক্ষিত, বাণীব্রত চট্টোপাধ্যায়, সন্দীপ বল উল্লেখযোগ্য নাম।
ক্লাবের মাঠে অতীতে ফুটবলের প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছেন ইস্টবেঙ্গল, জর্জ টেলিগ্রাফ, ওয়ার স্পোর্টিংয়ের মতো বড় দল। ইস্টবেঙ্গলের সুভাষ ভৌমিক সহ একাধিক তারকা ফুটবলাররা এই মাঠে এসে ফুটবল খেলেছেন। ফুটবলের প্রসারে বর্তমানে ভারতীয় ফুটবলের তারকা খেলোয়াড় অভিজিৎ মণ্ডলের সহযোগিতায় বিশেষ কোচিং ক্যাম্প চলছে। অন্যদিকে ক্রিকেটে ক্লাবের তুহিন গুহ, জয়দেব সরকার, প্রীতম সিংহ রায়, মানব প্রতিম বসুর মতো একাধিক ক্রিকেটাররা কলকাতার ক্লাবে ক্রিকেট খেলেছেন। অন্যদিকে, রঞ্জি খেলোয়াড় ঋদ্ধিমান সাহা, কামাল হাসান মণ্ডল, অজয় সাহারা টাউন ক্লাব মাঠে এসে ক্রিকেট খেলে গিয়েছেন। ফুটবল ক্রিকেটের পাশাপাশি ক্লাব উদ্যোগে যুগ্মভাবে বিভিন্ন মার্শাল আর্ট, বিশেষ করে তাইকোন্ডো ও ক্যারাটে প্রশিক্ষণ ক্যাম্প চালু হয়েছে।ক্লাবের সম্পাদক কৌশিক সরকার বলেন, মোবাইলের আসক্তি থেকে এ প্রজন্মের ছোট ছেলেমেয়েদের মাঠমুখী করতে আমরা ইতিমধ্যে একাধিক পরিকল্পনা নিয়েছি। ক্লাবের খেলাধুলোর ইতিহাস ও ঐতিহ্যকে আগামীতেও গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ