নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর লাগোয়া একাধিক পঞ্চায়েতের উন্নয়ন হয়েছে। আকাশছোঁয়া বাড়ি, নতুন রাস্তা হয়েছে। জনসংখ্যা বেড়েছে। এই সব অঞ্চল নিয়ে পুরসভা গঠনের দাবি দীর্ঘদিনের। তবে তা হয়নি। রাজ্যে পালাবদলের পর সে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। হাওড়ার বাগনান ও আলিপুরদুয়ারের জয়গাঁও পঞ্চায়েত থেকে পুরসভায় উন্নীত করা হবে বলে বৃহস্পতিবার জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
কলকাতা সংলগ্ন উপনগরী নিউটাউনকে নিয়ে পুরসভা গঠনের দাবি দীর্ঘদিনের। নিউটাউনে বর্তমানে হিডকোর এনকেডিএ নাগরিক পরিষেবা দেয়। এখানে পুরসভা গঠন নিয়ে মন্ত্রী জানান, নিউটাউন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী দিনে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নজর রাখতে হবে। এর পাশাপাশি মন্ত্রী বলেন, ‘একাধিক ছোটো ছোটো শহর যেমন জয়গাঁও অনেক বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। বাগনান সহ একাধিক জায়গার প্রস্তাব আছে। এগুলিকে পুরসভা হিসাবে ঘোষণা করা হবে। তার বিল আনা হচ্ছে। সামনের অধিবেশনে তা পাশ হবে। নতুন নতুন শহর হচ্ছে। সব জায়গার বিস্তার হচ্ছে। বেশ কয়েকটি নতুন পুরসভা তৈরি হবে। শহরের সুবিধা পাবেন এই সমস্ত এলাকায় মানুষ।’
বাগনান কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আক্রামুল হক বলেন, ‘পুরসভা হলে পঞ্চায়েতের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা মিলবে। একজায়গা থেকে সমস্ত এলাকার কাজ হওয়ায় সহজেই মানুষ পরিষেবা পাবেন।’ হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস বসূ বলেন, ‘দীর্ঘদিনের দাবি ছিল। মানুষের অনেক উপকার হবে।’ নিউটাউন ফোরাম ও নিউজের চেয়ারম্যান সমরেশ দাস বলেন, ‘পঞ্চায়েত ভোটের আগে প্রায় ১৮ হাজার আবাসিক মিলে চিঠি দিয়েছিলাম, যেন আমাদের পঞ্চায়েতে রাখা না হয়, পুরসভা বা কর্পোরেশন করা হোক। তারপরও পঞ্চায়েত ভোট করা হয়েছিল।’
১৮ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন বসছে। সেখানে এই এলাকাগুলিকে পুরসভায় উন্নীত করার বিল পাশ হবে। পঞ্চায়েতমন্ত্রীর থেকে বিষয়টি জানা গেলেও বিলটি আসলে পুর ও নগরোন্নয়ন দপ্তরের। কোন কোন ক্ষেত্রে একটি পঞ্চায়েত এলাকা নিয়ে নয়া পুরসভা তৈরি হয়? প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে, নতুন পুরসভা তৈরির আগে একাধিক বিষয় দেখা হয়। প্রথমত, সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যা যদি উল্লেখযোগ্য হারে বাড়ে এবং প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব ন্যূনতম ৭৫০ বা তার বেশি হয়। দ্বিতীয়ত, অকৃষি কর্মসংস্থান। স্থানীয় প্রাপ্তবয়স্ক পুরুষ জনসংখ্যার ৫০ শতাংশের বেশি যদি ব্যবসা, চাকরি, শিল্পের মতো অকৃষি পেশায় যুক্ত থাকেন। তৃতীয়ত, যদি কোনো পঞ্চায়েত এলাকায় নতুন কলকারখানা বা শিল্পাঞ্চল গড়ে ওঠে এবং তার ফলে এলাকাটি শহর বা আধাশহর হিসেবে চিহ্নিত হয়। চতুর্থত, যদি পুরসভা পরিচালনার মতো পর্যাপ্ত নিজস্ব রাজস্ব বা আয় তৈরির ক্ষমতা থাকে। এই সমস্ত দিক খতিয়ে দেখে বেশ কয়েকটি নতুন পুরসভা তৈরির সিদ্ধান্ত হয়েছে।