নিজস্ব প্রতিনিধি, বারাসত: একাধিকবার এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। জমা পড়েছে রাস্তা পাকা করার আবেদনও। কিন্তু হুঁশ নেই প্রশাসনের। স্বাধীনতার আট দশকেও পাকা রাস্তার অপেক্ষায় বাদুড়িয়ার মেদিয়া গ্রাম। রাজ্যে পালাবদলের পর এবার রাস্তার ভোলবদল হবে কি না, তার অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি– শক্তপোক্ত কংক্রিটের রাস্তা।
গ্রামের ভিতরের রাস্তা এখনও মাটির। শীতে-গ্রীষ্মে ধুলোয় ঢাকে। আর বর্ষায় এই রাস্তাই হয়ে ওঠে কাদা, খানাখন্দে ভরা। ফলে সারা বছরই ভোগান্তি। শুধু মেদিয়া নয়। এই রাস্তার প্রভাব পড়ছে আশপাশের আরও কয়েকটি গ্রামের বাসিন্দাদের উপর। রামচন্দ্রপুর, কুলিয়া, কাকড়াসূতি ও মেদিয়া– এই চার গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা এই রাস্তার উপর নির্ভরশীল। এই রাস্তা খারাপ থাকায় স্কুল, বাজার, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে নিত্যদিনের কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। রাস্তার এই বেহাল দশার জন্য সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মেদিয়া হাইস্কুলে। শিক্ষক দীপক হালদার বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে যায়। অনেকেই পড়ে গিয়ে চোট পায়। স্থানীয় বাসিন্দা অজিত কুমার বৈদ্যের অভিযোগ, রাস্তা তৈরির জন্য বহু বার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। আরেক বাসিন্দা সুরজ গাইনের দাবি, বেহাল রাস্তায় মোটরবাইক চালাতে গিয়ে টায়ার, শকার-সহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তাই দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক।