মন্দ আবহাওয়া, বন্ধ রাখা হল জগদ্ধাত্রীর শোভাযাত্রা
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমিত চৌধুরী, চন্দননগর: বৃহস্পতিবার চন্দননগরে ছিল জগদ্ধাত্রীর শোভাযাত্রা। প্রাকৃতিক দুর্যোগের কারণে তা স্থগিত রাখা হল, হবে রবিবার। 

Advertisement

শোভাযাত্রার দিন পিছিয়ে যাওয়ায় খারাপ আবহাওয়াকে অভিসম্পাত করছে মানুষ। জানা গিয়েছে, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি সকলের সম্মতিতে সিদ্ধান্ত নেয়, দুর্যোগের কারণে বৃহস্পতিবার বন্ধ রেখে শোভাযাত্রা করা হবে রবিবার।
চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে জগদ্ধাত্রী পুজো কমিটিগুলিকে নিয়ে বৃহস্পতিবার বৈঠক হয়। এছাড়াও সেখানে উপস্থিত ছিল পুলিশ ও পুরসভা। ২৮ বছর আগে দুর্যোগের কারণে নির্ধারিত দিনের পরের দিন শোভাযাত্রা হয়েছিল। এতবছর পর ফিরে এল সেরকম পরিস্থিতি। 
শোভাযাত্রার কারণে রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ ভিড় করতেন। সে রাস্তা এদিন ছিল শুনশান।‌ লরির আলোকসজ্জা ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া। প্রতিমা মণ্ডপের বাইরে বের করা হয়নি। চন্দননগর ব্রাহ্মণপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বিসর্জন হয়েছে এদিন বৃষ্টির মধ্যেই। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ‘আবহাওয়ার এই পরিস্থিতিতে কমিটি সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার শোভাযাত্রা বন্ধ। হবে আগামী রবিবার সন্ধ্যা ৬টা থেকে। যে সমস্ত পুজো কমিটি শোভাযাত্রায় অংশগ্রহণ করেনি, তারা পরিবেশ অনুকূল থাকলে শনিবার অথবা রবিবার সকালে বিসর্জন দেবে। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির মধ্যে ১৮০টি পুজো আছে। সকলের সহমতেই রবিবার বিসর্জন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।’ 
এদিনের সভায় বিধায়ক, পুলিশের পক্ষ থেকে এসিপি ওয়ান ও এসবি, আই সি চন্দননগর, ডব্লুবিএসইডিসিএল-য়ের ডিভিশনাল ম্যানেজার, মিউনিসিপ্যাল কমিশনার, ভদ্রেশ্বর মিউনিসিপালিটির ইও প্রমুখ উপস্থিত ছিলেন।