Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাউথ বাওয়ালিতে রাস্তা ভেঙে ভোগান্তি

চারটি ব্লকের প্রায় আট থেকে দশটি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সাউথ বাওয়ালির কালীনগর গ্রামের ভিতর দিয়ে যাওয়া পিচ রাস্তা ব্যবহার করেন।

সাউথ বাওয়ালিতে রাস্তা ভেঙে ভোগান্তি
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ : চারটি ব্লকের প্রায় আট থেকে দশটি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সাউথ বাওয়ালির কালীনগর গ্রামের ভিতর দিয়ে যাওয়া পিচ রাস্তা ব্যবহার করেন। রাস্তাটির দেড় থেকে দু’কিলোমিটার  ভেঙেচুরে চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। মাঝে বৃষ্টি হতেই কঙ্কালসার চেহারা আরও প্রকট হয়েছে। এমনটাই অভিযোগ ভুক্তভোগী স্থানীয় পড়ুয়া থেকে শুরু করে পথ চলতি মানুষের।  সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বর নিজেও তা স্বীকার করেছেন। তাঁর কথায়, সত্যিই খুব খারাপ অবস্থা। প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাকেও বিষয়টি ‘ফেস’ করতে হচ্ছে। নির্দিষ্ট জায়গায় বিষয়টি বলা হয়েছে। যাতে পদক্ষেপ গ্রহণ করা হয়। 

Advertisement

ঠাকুরপুকুর মহেশতলা ব্লক, বিষ্ণুপুর ২, বজবজ ১ এবং বজবজ ২ সহ প্রায় দশটি গ্রাম পঞ্চায়েতের মানুষ যাতায়াত করেন। এই রাস্তা ধরে বাওয়ালি রোড হয়ে চড়িয়াল সেতু সড়কে যাওয়া যায়। বাখরাহাট রোডে এবং নোদাখালিতে যাওয়ার সুবিধা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পথশ্রী প্রকল্পে এই রাস্তার কাজের দায়িত্ব পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি। তাদের নথিভুক্ত এক ঠিকাদার সংস্থা রাস্তাটি করে। নিয়ম হল, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা রাস্তা তৈরির পর তিন বছর রক্ষণাবেক্ষণের কাজ করবে। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ,  
গত দুর্গাপুজোর আগে থেকে রাস্তা খারাপ হচ্ছিল। সেই সময় এই রাস্তার সংস্কার করার আশ্বাস দিয়েছিলেন ঠিকাদার সংস্থার কর্তারা। কিন্তু কথা রাখেনি। ফলে খারাপ হতে হতে এখন হতশ্রী অবস্থা। ভয়ঙ্কর ক্ষুব্ধ বাসিন্দারা। রুরাল ডেভেলপমেন্ট অথরিটি-র এক আধিকারিক বলেন, অভিযোগ পাওয়ার পর রাস্তাটি সরেজমিনে দেখে আসা হয়েছে। ওদের এটা দেখার দায়িত্ব। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে দ্রুত সংস্কারের জন্য বলা হবে। তবে এখন বর্ষার সময়। পিচ করার সুযোগ নেই। বিকল্প কোনও উপায়ে যাতে সংস্কার হয়, নিশ্চয় দেখা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ