Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার শিশুকন্যা, ধৃত ১

খোঁজ মিলছিল না শিশুকন্যার। তড়িঘড়ি থানায় অভিযোগ দায়ের করেন শিশুর পিতা। কয়েক ঘণ্টার মধ্যে একরত্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিস।

অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার শিশুকন্যা, ধৃত ১
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: খোঁজ মিলছিল না শিশুকন্যার। তড়িঘড়ি থানায় অভিযোগ দায়ের করেন শিশুর পিতা। কয়েক ঘণ্টার মধ্যে একরত্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিস। পাশাপাশি, অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম প্রবীর বৈরাগী (২৫)। শনিবার ঘটনাটি ঘটেছে বিধাননগর পূর্ব থানা এলাকায়। ধৃতের বিরুদ্ধে অপহরণ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিস। 

Advertisement

জানা গিয়েছে, এদিন সকাল ন’টা নাগাদ সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে কাজ করছিলেন এক শ্রমিক। পাশে বসেছিল তাঁর বছর দেড়েকের শিশুকন্যা। কিছুক্ষণ পর, সাড়ে ১০টা নাগাদ তিনি দেখেন শিশুকন্যা নেই। আশপাশে খোঁজ শুরু করেন। কিন্তু হদিশ মেলেনি। এর পরেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিধাননগর পূর্ব ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস যৌথভাবে তল্লাশি শুরু করে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিস। দেখা যায়, এক যুবক শিশুকন্যাকে নিয়ে চলে যাচ্ছে। বিভিন্ন সোর্স মারফত অভিযুক্ত প্রবীরের বাড়ির ঠিকানা খুঁজে পান তদন্তকারীরা। পরে বিধাননগর দক্ষিণ থানার অধীন সুকান্তনগর এলাকায় প্রবীরের বাড়ি থেকেই শিশুকন্যাটিকে উদ্ধার করে পুলিস। তবে, সেই সময় অবশ্য বাড়িতে ছিল না অভিযুক্ত। এরপর প্রবীরকে ধরতে তল্লাশি শুরু হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিস। তাকে থানায় বসিয়ে চলে জেরা। কিন্তু নিজেকে বাঁচাতে প্রবীর ‘গল্প’ ফাঁদে বলে সূত্রের খবর। সে পুলিসকে বলে, শিশুকন্যার পরিবার তার পরিচিত। কিন্তু না জানিয়ে কেন তাকে নিয়ে যাওয়া হল? এর অবশ্য সদুত্তর দিতে না পারায় প্রবীরকে পুলিস গ্রেপ্তার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ