সংবাদদাতা, দুর্গাপুর: সোমবার ফরিদপুর থানার কাঁটাবেড়িয়া এলাকার বাসিন্দারা ভিক্ষুকদের থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করেন। অজ্ঞাত পরিচয় ওই শিশুটিকে জোর করে নিয়ে আসার অভিযোগ ওঠে ভিক্ষুক এক দম্পতির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শেষমেশ ঘটনাস্থলে পুলিস এসে ওই শিশুকন্যাকে উদ্ধার করে ভিক্ষুক দম্পতিকে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি পুকুরপাড়ে প্রায় একবছর ধরে আস্তাকুঁড় বানিয়ে এক ভিক্ষুক দম্পতি বাস করছিলেন। সপ্তাহ খানেক আগে ওই দম্পতি ছয় বছরের ওই শিশুকন্যাকে নিয়ে আসেন। এদিন এলাকাবাসীর সন্দেহ হয় শিশুকন্যাটি তাঁদের নয়। কোথা থেকে চুরি করা হয়েছে বলে সন্দেহ হতেই এলাকাবাসী ওই দম্পতির ওপর চড়াও হন। তাঁরা শিকার করেন ওই শিশুকন্যাটি তাঁদের নয়। সঙ্গেসঙ্গে পুলিসে খবর দেন এলাকাবাসী। প্রতাপপুর পঞ্চায়েতের প্রধান সিতারাম রুইদাস বলেন, এলাকাবাসীর সন্দেহ হওয়ায় পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে শিশুকন্যাটিকে। এসিপি (অণ্ডাল) পিন্টু সাহা বলেন, ওই দম্পতি শিশুকন্যাটিকে দীঘা রেলস্টেশন থেকে নিয়ে এসেছিলেন। ওই স্টেশনে শিশুকন্যাটি ভিক্ষা করত। মা ও বাবার পরিচয় বলতে পারেনি। আমরা চাইল্ড হেল্প লাইনে ফোন করে তাঁদের হাতেই শিশুকন্যাকে তুলে দিয়েছি। হোমে শিশুটি থাকবে। ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।



