সংবাদদাতা, তপন: দু’দিন আগেই ভিনরাজ্য থেকে বাড়ি ফিরে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে তপন ব্লকের ১ নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের কুড়ালিকুম এলাকার ঘটনা। মৃতের নাম ছোটন শেখ (৩৩)। বাড়ি বংশীহারি থানার টেপরিদহ এলাকায়। ছোটন ওড়িশায় লরিচালকের কাজ করতেন। স্ত্রী ছাড়াও এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে ছোটনের। ভিনরাজ্যে কাজে যাওয়ার মাস তিনেক পর গত বৃহস্পতিবার বাড়ি ফিরেছিলেন ছোটন। শনিবার বাড়ি থেকে বাইক নিয়ে ঘুরতে বের হন। এরপরই তপনের কুড়ালিকম এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বোল্ডারে ধাক্কা মারে। ছোটন ছিটকে পড়েন। দুমড়েমুচড়ে যায় তাঁর বাইকটি। গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে বাইক এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিস।
Advertisement
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় তপনের হরসুরা গ্রাম পঞ্চায়েতের ১৫ মাইল এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অজ্ঞাত পরিচয়ের এক মহিলার। স্থানীয়রা জানান, একটি সরকারি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। যদিও ঘটনার পর বাসটি পালিয়ে যায়। রবিবার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। তপন থানার পুলিস জানিয়েছে, পৃথক দুটি পথ দুর্ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



