নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী সোমবার ৮ জুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ পশ্চিমবঙ্গে চালু করার জন্য মউ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সই হবে। বিজ্ঞান ভবনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগতপ্রসাদ নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের গরিব পরিবার বছরে পাবে ৫ লক্ষ টাকার পর্যন্ত ছাড়ের চিকিৎসা। মিলবে আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য কেন্দ্রগুলির নতুন নাম হবে আয়ুষ্মান মন্দির।
এদিকে, আজ বৃহস্পতিবার ‘নেভা’ (ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন) নিয়েও চুক্তি করতে চলেছে পশ্চিমবঙ্গ। সেখানেও কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে উপস্থিত থাকবেন শুভেন্দু। তবে আজকের অনুষ্ঠানটিতে কলকাতা থেকে অনলাইন যোগ দেবেন। সংসদ এবং বিধানসভা, উভয়কে অনলাইনে জোড়ার উদ্যোগ নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। যাতে দেশবিদেশের দর্শক অনলাইনে যেকোনো রাজ্যের বিধানসভার অধিবেশন সহ নানা কাজকর্ম দেখতে পারেন। তাই ওই নির্দিষ্ট অ্যাপ তৈরি করা হয়েছে। তারই চূক্তি হবে পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে।