মালদহে সাড়ে ৫ লক্ষের আয়ুষ্মান ভারতের কার্ড ঝুলে, চাপে প্রশাসন
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রায় সাড়ে ৫ লক্ষের আয়ুষ্মান ভারতের কার্ড এখনও ঝুলে রয়েছে মালদহে। আর এনিয়ে প্রবল চাপে জেলা প্রশাসন। দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। সেইসঙ্গে জেলায় ৫০টির বেশি আয়ুষ্মান ভারতের সেন্টার চালু করা হয়েছে। এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে বিডিও অফিসের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র। সেখানে এসে আধারকার্ড দেখালে সংশ্লিষ্ট বেনিফিশিয়ারির নামে ইস্যু হওয়া আয়ুষ্মান ভারতের ফর্ম ডাউনলোড করে দেওয়া হবে। বেনিফিশিয়ারি সেখানে বসেই ফর্ম ফিলআপ করে জমা দিতে পারবেন। 

Advertisement

জেলা প্রশাসন সূত্রে খবর, মালদহে আয়ুষ্মান ভারতের মোট বেনিফিশিয়ারি ৩০ লক্ষ ৮২ হাজার ৬৫০ জন। অর্থাৎ তাঁদের নামে ফর্ম ইস্যু হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ই-কেওয়াইসি হয়েছে ২৫ লক্ষ ৯৭ হাজার ২১২ জনের। মঙ্গলবার পর্যন্ত জমা পড়া আবেদনপত্র ডিজিটাইজড হয়েছে ২৫ লক্ষ ৮৮ হাজার ১৫২ জনের। ফর্ম ভেরিফিকেশন হয়েছে ২৫ লক্ষ ৬৯ হাজার ৭৩৩ জনের। সবমিলিয়ে ৫ লক্ষ ৪৯ হাজার ৪৮৪ জনের কাজ বকেয়া রয়েছে। কতদিনে গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে, সেটাই ভেবে পাচ্ছেন না জেলা প্রশাসনের আধিকারিকরা। কারণ, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যে ঠিকানায় ফর্ম ইস্যু হয়েছে, সংশ্লিষ্ট বেনিফিশিয়ারিকে সেখানে পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে আবার আশাকর্মীদের কাজেও গাফিলতি রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ তাঁরা ঠিকমতো করছেন না বলে অভিযোগ। 
মালদহের অতিরিক্ত জেলাশাসক সপ্তর্ষি নাগ বলেন, জেলাজুড়ে মাইকিং চলছে। কোনো বেনিফিশিয়ারি জেলার বাসিন্দা হলে তিনি এখন মালদহের যেখানেই থাকুন না কেন, সেখানকার বিডিও অফিসে বা নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আধারকার্ড দেখালেই আয়ুষ্মান ভারতের ফর্ম পেয়ে যাবেন। জায়গায় বসে ফর্ম ফিলআপ করে জমাও দিতে পারবেন। তাঁর দাবি, গত সাতদিনে জেলায় আয়ুষ্মান ভারতের লক্ষাধিক ফর্ম যাচাই করা হয়েছে। ডিজিটাইজড হয়েছে প্রায় ৮০ হাজার ফর্ম। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত মালদহে আয়ুষ্মান ভারতের ৮৩ শতাংশ কাজ হয়েছে। এর মধ্যে ইংলিশবাজার পুর এলাকা সহ মানিকচক, হরিশ্চন্দ্রপুর-২, রতুয়া-১ ও রতুয়া-২ ব্লকে কাজের গতি সবচেয়ে কম। ইংলিশবাজার পুর এলাকায় এ পর্যন্ত আয়ুষ্মান ভারতের কাজ হয়েছে ৭৩ শতাংশ। মানিকচক ও হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে কাজ হয়েছে ৭৪ শতাংশ। রতুয়া-১ ব্লকে কাজ হয়েছে ৭৫ শতাংশ এবং রতুয়া-২ ব্লকে কাজ হয়েছে ৭৬ শতাংশ। ফলে এই ব্লকগুলিকে আয়ুষ্মান ভারতের কাজের গতি বাড়াতে বিশেষ জোর দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ইংলিশবাজার পুর এলাকায় ৬৯ হাজার ৫০৫ জনকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। সেখানে এখনও পর্যন্ত ই-কেওয়াইসি হয়েছে ৪৮ হাজার ৪৯৪ জনের। মানিকচকে টার্গেট রয়েছে ২ লক্ষ ৬০ হাজার ৪২৭ জন বেনিফিশিয়ারিকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে। 
এখনও পর্যন্ত ওই ব্লকে ই-কেওয়াইসি হয়েছে ২ লক্ষ ২১ হাজার ৮২০ জনের। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে ১ লক্ষ ৬৮ হাজার ২২২ জনকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়ার কথা। সেখানে এখনও পর্যন্ত ই-কেওয়াইসি হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৭৩৫ জনের। রতুয়া-১ ব্লকে ২ লক্ষ ২২৭ জনকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়ার টার্গেট থাকলেও এ পর্যন্ত ই-কেওয়াইসি হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৫০৪ জনের। রতুয়া-২ ব্লকে আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারির সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ১৫০ জন হলেও এখনও পর্যন্ত ই-কেওয়াইসি হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৭২৫ জনের।