Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা

নয়ানজুলি থেকে এক অটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বাউড়িয়ায়। রবিবার রাতে রেল স্টেশনের কাছে দেহটি উদ্ধার করে পুলিস।

অটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা
  • ১৬ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নয়ানজুলি থেকে এক অটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বাউড়িয়ায়। রবিবার রাতে রেল স্টেশনের কাছে দেহটি উদ্ধার করে পুলিস। মৃত ব্যক্তির নাম পুষ্পেন্দু রায় (৩৫) বলে জানা গিয়েছে। বাড়ি পাঁচলা থানার রানীহাটি এলাকায়। কোনও কারণে অটো উল্টে এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। যদিও খুনের আশঙ্কা প্রকাশ করেছে পরিবার। ময়নাতদন্তের জন্য দেহ উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, বাউড়িয়া-আন্দুল রুটে অটো চালাতেন নিহত ব্যক্তি। গতকাল রাতে পুষ্পেন্দুর দেহ বাউরিয়া স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের কাছে একটি নয়ানজুলিতে পড়েছিল। তাঁর অটোটিও পড়েছিল নয়ানজুলির পাশেই। রাতে পুলিসের তরফে নয়ানজুলি থেকে তাঁকে উদ্ধারের কথা পরিবারকে জানানো হয়। 
নিহত পুষ্পেন্দুর পরিবারের সদস্যদের বক্তব্য, দিন কয়েক আগে অটো স্ট্যান্ডের কাছে কয়েকজনের সঙ্গে অটোচালকদের গোলমাল হয়েছিল। সেই কারণে পুষ্পেন্দুকে খুন করা হয়নি তো? পুলিসের কাছে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল, পুলিস পূর্ণাঙ্গ তদন্ত করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ