সংবাদদাতা, দেওয়ানহাট: টিনের ছোট্ট ছাপরা ঘরে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য অটো চালকের ছেলের। কোচবিহার মণীন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র বিপুল রায় উচ্চ মাধ্যমিকে ৪৬৩ নম্বর পেয়েছে। শতাংশের বিচারে ৯২.৬। কলা বিভাগের কৃতি ছাত্র আগামীতে ভারতীয় সেনায় যোগ চান। সেজন্য ‘অগ্নিবীর’ এর পরীক্ষার জন্য বাড়িতে জোরদার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরীক্ষায় ছেলের ভালো রেজাল্টে খুশি বিপুলের বাবা বদল রায় ও মা সন্ধ্যা রায়। বাংলায় ৯৩, ইংরেজিতে ৯০, ইতিহাসে ৯২, দর্শনে ৯৩ এবং সংস্কৃতে ৯৫ পেয়েছেন বিপুল। তাঁর বাবা বদল রায় বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চারজনের সংসার আমার। একটি পণ্যবাহী অটো চালিয়ে সামান্য আয়ে কোনওরকমে সংসার চলে। ছেলের এমন সাফল্যে আমরা খুবই খুশি। ওর সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে। সেজন্য ‘অগ্নিবীর’ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। ও আগামী দিনে দেশের সেবায় যোগ দিক, আমিও সেটাই চাই।



