নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পাঁচ দিন কেটে গেলেও কোচবিহার বইমেলায় উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না। ফলে বই বিক্রিও আশানুরূপ হচ্ছে না বলে দাবি স্থানীয় কবি, লেখকদের একাংশের। কিছু প্রকাশকও এমন দাবি করছেন। তবে প্রশাসনের দাবি, বই বিক্রি বেশ ভালোই হচ্ছে। এখনও দু’দিন সময় হাতে আছে। ফলে শেষ পর্যন্ত বই বিক্রি ভালোই হবে বলে মনে করছে প্রশাসন। রহস্য রোমাঞ্চ, কমিকস, গোয়েন্দা গল্প, বাচ্চাদের ছবির বই, ধর্মীয় বই সহ চিরাচরিত কিছু বইয়ের চাহিদা অবশ্য ভালোই রয়েছে। তবে মেলায় বিভিন্ন স্টলে স্থানীয় কবি, লেখকদের জমজমাট আড্ডা চলছে। দুপুর থেকে সেই আড্ডা সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত হচ্ছে। শীতের রাতে দূরদূরান্ত থেকে আসা বইপ্রেমীরা মেলা ঘুরে যাওয়ার সময় মেলার সামনে বসা পিঠের দোকান থেকে ভাপাপিঠে, মালপোয়া, ক্ষীরের পাটিসাপটা দেদার খাচ্ছেন।



