নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। নিগম কর্তৃপক্ষ ইতিমধ্যেই পাঁচটি সংস্থার সঙ্গে আলোচনা সেরে ফেলেছে। কোন সংস্থার সঙ্গে চুক্তিতে কর্মীরা বেশি লাভবান হবেন, প্রিমিয়াম তুলনামূলক ভাবে কম দিতে হবে সেসব এখন খতিয়ে দেখছেন নিগমের আধিকারিকরা। সবকিছু চূড়ান্ত হলে নিগমের কর্তাব্যক্তিরা বিমা সংস্থার সঙ্গে বৈঠক করে চূড়ান্ত করবে। তারপরেই নিগমের স্থায়ী ও চুক্তিভিত্তিক চালক, কন্ডাক্টর ও মেকানিকদের স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসা হবে। আর এই প্রক্রিয়া সম্পন্ন হলে উপকৃত হবেন সব মিলিয়ে প্রায় ২৭০০ চালক, কন্ডাক্টর, মেকানিক।
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, নিগমে প্রায় ৭০০ জন স্থায়ী ও দু’হাজার চুক্তিভিত্তিক বাস চালক, কন্ডাক্টর ও মেকানিক আছেন। এঁদের মধ্যে চুক্তিভিত্তিক কর্মীদের বিমার কিস্তির একটা অংশ নিগম দেবে। বাকিটা কর্মীরা দেবেন। স্থায়ী কর্মীদের স্বাস্থ্যবিমার কিস্তির টাকা কর্মীরাই দেবেন। এভাবে সকলকে স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসার প্রক্রিয়া আমরা শুরু করেছি। বেশ কয়েকটি বিমা সংস্থার সঙ্গে আমরা বৈঠকও করেছি। সবপক্ষের সঙ্গে আলোচনা করে তবেই বিষয়টি চূড়ান্ত করা হবে। আশা করছি, শীঘ্রই পুরো বিষয়টি বাস্তবরূপ পাবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের স্থায়ী ও চুক্তিভিত্তিক চালক, কন্ডাক্টর ও মেকানিক কর্মীরা কোনও স্বাস্থ্যবিমা অধীনে নেই। দিনরাত নিগমের কাজে যুক্ত থাকা এই কর্মীদের অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন, অসুস্থ হন। সেই সময় অনেকেই আর্থিক সঙ্কটের মধ্যে পড়েন। সম্প্রতি চুক্তিভিত্তিক চালকদের ভাতা সাড়ে ১৩ হাজার থেকে বেড়ে ন্যূনতম ১৬ হাজার টাকা হয়েছে। ৫, ১০, ১৫ বা ২০ বছর কাজে নিযুক্ত থাকলে সেক্ষেত্রে ভাতা আরও বেড়েছে। এবার নিগমের এই চুক্তিভিত্তিক কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসা হলে তাঁরা আরও উপকৃত হবেন।
কর্মীদের সূত্রেই জানা গিয়েছে, স্থায়ীদের মধ্যে অনেকেই নিজেদের উদ্যোগে স্বাস্থ্যবিমা করেছেন। যাঁরা ইচ্ছুক তাঁরা এই বিমায় অংশ নিতে পারবেন। কিন্তু তার কিস্তির টাকা তাঁদেরই দিতে হবে। এই স্বাস্থ্যবিমার সুবিধা কর্মীরা যতদিন নিগমের অধীনে কাজ করবেন ততদিন পর্যন্ত পাবেন। নিগম জানিয়েছে, যে বিমা সংস্থাগুলির সঙ্গে ইতিমধ্যে নিগম কথা বলেছে তাদের পক্ষ থেকে এসে বিমার সামগ্রিক বিষয় নিয়ে ডেমোনেস্ট্রেশন দেওয়া হয়েছে। আরও কয়েকটি বিমা সংস্থার সঙ্গে কথা হয়েছে। তারাও সমস্ত বিবরণ খুব শীঘ্রই জানাবে। এরপরেই নিগমের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে, কোন সংস্থার সঙ্গে তারা চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হবে। নিগম চাইছে, সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সকলকে স্বাস্থ্যবিমার আওতায় আনতে। ফাইল চিত্র।