Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

৩৬ বছর পর বিশ্বকাপে স্মরণীয় জয় পেল অস্ট্রিয়া

বিশ্বকাপে স্মরণীয় প্রত্যাবর্তন অস্ট্রিয়ার। দীর্ঘ ২৮ বছর পর কাপযুদ্ধে নেমে গ্রুপ জে’র ম্যাচে জর্ডনকে ৩-১ ব্যবধানে হারাল তারা।

৩৬ বছর পর বিশ্বকাপে স্মরণীয় জয় পেল অস্ট্রিয়া
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অস্ট্রিয়া-৩            :               জর্ডন-১

Advertisement

সান ফ্রান্সিসকো: বিশ্বকাপে স্মরণীয় প্রত্যাবর্তন অস্ট্রিয়ার। দীর্ঘ ২৮ বছর পর কাপযুদ্ধে নেমে গ্রুপ জে’র ম্যাচে জর্ডনকে ৩-১ ব্যবধানে হারাল তারা। লক্ষ্যভেদে সফল হোমানো স্মিড, মার্কো আর্নাতোভিচ। অপর গোলটি ইয়াজান আল আরবের আত্মঘাতী। জর্ডনের হয়ে স্কোরশিটে নাম তোলেন আলি ওলওয়ান। তবে ম্যাচের ফল দিয়ে এশিয়ার দলটিকে মাপলে চলবে না। অস্ট্রিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিষেকে একটা সময় পর্যন্ত দারুণ লড়াই চালিয়েছিল তারা।
প্রথম ১৫ মিনিট দুই দলই একে অপরকে মেপে নেয়। এরপর গতি বাড়াতেই জর্ডন রক্ষণ ভেঙে ফেলে অস্ট্রিয়া। ২১ মিনিটে দূরপাল্লার বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান স্মিড। বাকি সময় আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে উঠলেও স্কোরলাইন বদলায়নি। বিরতির পর সমতায় ফেরে জর্ডন। ওলওয়ানের শট পোস্টে লেগে জালে জড়ায়। এরপর আর্নাতোভিচের গোল ভারের সাহায্যে বাতিল করেন রেফারি। তবে ৭৬ মিনিটে ইয়াজানের আত্মঘাতী গোলে ফের লিড নেয় অস্ট্রিয়া। এরপর ম্যাচের সংযোজিত সময়ে ভারের দৌলতে পেনাল্টি পায় ইউরোপের দলটি। স্পট-কিক থেকে লক্ষ্যভেদে ভুল করেননি আর্নাতোভিচ। সেই সঙ্গে ১৯৯০ সালের পর বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পেল অস্ট্রিয়া। উল্লেখ্য, সেবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমেরিকাকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ