লজেন্স দিয়ে বল বিকৃতির চেষ্টা করেন অজিরা
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেলবোর্ন: সিরিশ কাগজ দিয়ে বল বিকৃতির পুরানো কেচ্ছায় জর্জরিত ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালে কেপ টাউন টেস্টের এই ন্যক্কারজনক ঘটনার কথা আত্মজীবনীতে তুলে ধরেছেন উসমান খাওয়াজা। তা নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে রীতিমতো গৃহযুদ্ধের পরিবেশ। এই আবহে নতুন বিতর্কে বিদ্ধ ব্যাডম্যানের দেশ। সিরিশ কাগজ দিয়ে বল বিকৃতির ঘটনায় ব্যানক্রফট, স্মিথ ও ডেভিড ওয়ার্নার সাসপেন্ড হয়েছিলেন। তার পরেও কোনো শিক্ষা নেয়নি ক্যাঙারু বাহিনী। আট মাস পর দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ফের বল বিকৃতির চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। এবার অবশ্য সিরিশ কাগজ নয়, তাদের অস্ত্র ছিল লজেন্স বা মিন্ট। এই মারাত্মক তথ্য সামনে এনেছেন অস্ট্রেলিয়ার ‘সেন’ নিউজের সাংবাদিক জেরার্ড হোয়েটলে। তিনি জানিয়েছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেভাবে স্যুইং পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ার বোলাররা। তখন বলের একদিকের পালিশ তুলে ফেলার জন্য লজেন্স কিংবা মিন্ট জাতীয় কিছুর খোঁজ করেন এক ক্রিকেটার। তা শুনে একজন বলেন, কেপ টাউনের ঘটনা ভুলে গেলে নাকি? তবুও এক ক্রিকেটার লজেন্স আনতে ড্রেসিং-রুমে ছুটেছিল। ব্যাপারটা জানার পর তৎকালীন অধিনায়ক টিম পেইন ওই ক্রিকেটারকে লজেন্স না নিয়েই ফিরে আসতে বলেন। আসলে পেইন কোনও বিতর্ক চাননি। কোচ ল্যাঙ্গার জানার পর প্রচণ্ড ক্ষোভ উগরে দিয়েছিলেন।’

Advertisement