Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে বালি বোঝাই দু’টি ডাম্পার সহ ধৃত দুই

আউশগ্রামে বালি বোঝাই দু’টি ডাম্পার সহ ধৃত দুই
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বালি বোঝাই দু’টি ডাম্পার বাজেয়াপ্ত করেছে আউশগ্রাম থানার ছোড়া অনুসন্ধান কেন্দ্রের পুলিস। বালির অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে দুই ডাম্পারের চালককে গ্রেপ্তার করা হয়েছে। আউশগ্রাম থানার ভেদিয়ার কুটিরপাড়ায় ও বীরভূমের বোলপুর থানার কাশীপুরে তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার দুপুরে ডাম্পার দু’টি আসছিল। ভেদিয়া পেট্রোল পাম্পের কাছে নাকা চেকিংয়ের সময় ডাম্পার দু’টিকে আটকায় পুলিস। চালকরা বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। বালির এই অবৈধ কারবারে আরও কয়েকজন জড়িত বলে ধৃতরা পুলিসকে জানিয়েছে। রবিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃত দু’জনকে দু’দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
Advertisement
শক্তিগড়ে চোলাই সহ ধৃত: চোলাই সহ এক প্রৌঢ়কে গ্রেপ্তার করে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম অসিত দাস। শক্তিগড় থানার সূর্যডাঙায় তার বাড়ি। শনিবার সন্ধ্যায় অশ্বত্থগড়িয়ায় রাস্তার পাশে জ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকার সময় তাকে আটকায় পুলিস। তল্লাশিতে জ্যারিকেন থেকে ২০ লিটার চোলাই মেলে বলে পুলিসের দাবি। চোলাই পাচারের জন্য সেখানে সে দাঁড়িয়েছিল বলে পুলিসের অনুমান। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। রবিবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।
সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় ধৃত ১: শক্তিগড় থানার হাটগোবিন্দপুরে সিআরপিএফ জওয়ানের তালা বন্ধ বাড়িতে চুরির ঘটনায় ধৃত উদয় ব্যাধ, পবন ব্যাধ ও সুলতান ব্যাধকে হেফাজতে নিল পুলিস। বীরভূমের সাঁইথিয়া থানার মাঠপাড়ায় উদয় ও পবনের বাড়ি। অপরজনের বাড়ি পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার দামোদরপুরে। পুলিস জানিয়েছে, হাটগোবিন্দপুরের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ রক্ষিত সিআরপিএফে কর্মরত। চাকরি সূত্রে তিনি দিল্লিতে থাকেন। কয়েকমাস আগে তাঁর হাটগোবিন্দপুরের বাড়ির দরজা ও আলমারির লক ভেঙে চুরির ঘটনা ঘটে। এনিয়ে তাঁর দাদা থানায় অভিযোগ দায়ের করেন। চুরির মালপত্র উদ্ধার করতে ধৃতদের সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
সম্পর্কিত সংবাদ