সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের আদুরিয়ার জঙ্গলজুড়ে কয়েকদিন ধরেই আগুন জ্বলছে। পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে গাছের ঝরা পাতা। ধীরে ধীরে পুড়ছে জঙ্গলের গাছও। তারপর সেই গাছ কেটে পাচারের অভিযোগ উঠছে। যা নিয়ে সোমবার জঙ্গলে নজরদারি চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে বিট অফিসারকে। তাঁকে হেনস্তা ও মারধরেরও অভিযোগ তোলা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন গেড়াই জঙ্গলে পেট্রলিং করতে গিয়েছিলেন আদুরিয়ার বিট অফিসার। তিনি দেখেন এক যুবক ট্রাক্টরে করে গাছের গোড়ায় বর্জ্য পদার্থ ফেলছে। এরকমভাবে বর্জ্য ফেলে কয়েকটি গাছ নষ্ট হয়ে গিয়েছে। তাই বিট অফিসার প্রতিবাদ জানাতেই রে রে করে তেড়ে আসে ওই যুবক। বিট অফিসার তাতে বাধা দিতে গেলেই ওই যুবক তাঁকে গালিগালাজ করে। এমনকী, অফিসারকে ঠেলে ফেলা দেওয়ার অভিযোগ ওঠে। তেড়ে এসে বিট অফিসারকে আঙুল উঁচিয়ে চ্যালেঞ্জ জানায় ‘বেশ করেছি’। এই নিয়ে একটি ভিডিও ভাইরালও হয়(ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। ওই যুবক শাসকদলের এক নেতার ‘ভাইপো’ বলে এলাকায় পরিচত।
আদুরিয়ার বিট অফিসার পিনাকি ভট্টাচার্য বলেন, জঙ্গলে কোথাও পাতা পুড়িয়ে ফেলছে কি না পেট্রলিং করতে গিয়েছিলাম। আমাকে গেড়াই এলাকায় এক যুবক হেনস্তা করে। ওই যুবক জঙ্গলে বর্জ্য পদার্থ ফেলছিল। তবে, জঙ্গলে আর যাতে আগুন না লাগে তারজন্য আমরা নজরদারি বাড়িয়েছি। আমি থানায় ওই যুবকের নামে এফআইআর করব।
প্রসঙ্গত, গত দু’দিন ধরে আদুরিয়া বিটের হেদোগড়িয়া সহ বেশকিছু অংশে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের জঙ্গলেও। পরে খবর পেয়ে আদুরিয়া বিট থেকে বনদপ্তরের অফিসাররা রাত পর্যন্ত আগুন নেভানোর কাজ চালান। এর আগে আউশগ্রামের জঙ্গলের আগুন দেরাদুনে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার স্যাটেলাইটে ধরা পড়েছিল। প্রতি বছর নিয়ম করে মার্চ মাসে আউশগ্রামের জঙ্গলের শুকনো পাতায় প্রথমে আচমকা আগুন লাগে। তারপর তা দাবানলের মতো জঙ্গলে ছড়িয়ে পড়ে। রাস্তা লাগোয়া জঙ্গলেই মূলত আগুন লাগে। তারপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে। এদিন বেশ কয়েকজন যুবককে ‘ফায়ার ওয়াচার’ হিসেবে নিয়োগ করা হয়। তাঁরা ঠিকমতো কাজ করছে কি না এদিন দেখতে বেরিয়ে ছিলেন বিট অফিসার। তাছাড়া জঙ্গলে কেউ গাছ কাটছে কি না তাও নজরদারি চালাচ্ছিলেন। অভিযোগ ঠিক সে সময়ই এই আক্রমণের ঘটনা ঘটে। যা নিয়েই প্রশ্ন উঠছে, জঙ্গলে নজরদারি বাড়াতেই কি এমন ঘটনার শিকার হতে হল? • আক্রান্ত বিট অফিসার। -নিজস্ব চিত্র