নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, কালিয়াচক: ফের গুলি চলল মালদহে। নিজের বাড়িতেই গুলিবিদ্ধ বছর ছাব্বিশের আজিম সেখ। তিনি কালিয়াচক থানা এলাকার গয়েশবাড়ির চাঁদপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। আপাতত তার অবস্থা স্থিতিশীল। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ঘটনার তদন্ত চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। যুবকের আত্মীয় রেশমা খাতুন বলেন, রাতে খেতে বসে বিকট শব্দ পাই। ঘর থেকে বেরিয়ে কিসের শব্দ বোঝার চেষ্টা করি। কিছুক্ষণ পর দেখি পাশের ঘরে ভাসুর গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। তখন স্বামী, শাশুড়ি সহ বাড়ির অন্যদের ডাকাডাকি শুরু করি। দাদা ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। সেই কারণে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন।



