Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাশ্মীরি তরুণীকে গাড়িতে তুলে ‘অপহরণের চেষ্টা’

খাস কলকাতায় তরুণীকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল নিউ মার্কেট চত্বরে। রফি আহমেদ কিদোয়াই রোডে ঘটনাটি ঘটে।

কাশ্মীরি তরুণীকে গাড়িতে তুলে ‘অপহরণের চেষ্টা’
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় তরুণীকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল নিউ মার্কেট চত্বরে। রফি আহমেদ কিদোয়াই রোডে ঘটনাটি ঘটে। বুধবার ২৮ বছর বয়সি ওই তরুণী নিউ মার্কেট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, তিনি কাজ সেরে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। একটি গাড়ি ওই স্কুটারের সামনে এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে তরুণীকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা। প্রতিবাদ করলে তরুণীকে রাস্তাতেই মারধর করা হয় বলে অভিযোগ। আর্তনাদ শুরু করেন অভিযোগকারিণী। আর্তনাদ শুনে স্থানীয় একটি পেট্রল পাম্প থেকে কর্মীরা ছুটে আসেন। লোক জমা হয়ে যাওয়ায় ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই গাড়িটি। এরপরেই থানায় গিয়ে অভিযোগ জানান তরুণী। পুলিশ সূত্রে খবর, তরুণী কাশ্মীরের বাসিন্দা। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন। কে বা কারা এই অপহরণের চেষ্টার সঙ্গে যুক্ত, তার সন্ধানে নেমেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 

Advertisement

প্রাথমিকভাবে তরুণী পুলিশকে জানিয়েছেন, গাড়ির ভিতরে একাধিক লোক ছিল। রাস্তাতেই তারা দুর্ব্যবহার করে। নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, অভিযোগকারিণীর পোশাক ছিঁড়ে দিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। টেনে হিঁচড়ে তাঁকে গাড়িতে তোলার চেষ্টা চালাচ্ছিল অভিযুক্তরা। তরুণীর এক পা গাড়িতে তুলে নেয় তারা। কিন্তু, তাঁর আর্তনাদে স্থানীয়রা চলে আসেন। তরুণীর দাবি, তাতে হকচকিয়ে যায় গাড়িতে থাকা অভিযুক্তরা। ঘটনার জেরে শরীরের একাধিক জায়গায় চোট পান তরুণী। স্থানীয়রা নিউ মার্কেট থানায় ফোন করে খবর দেন। মিনিট পাঁচেকের মধ্যে সেখানে এসে পৌঁছন উর্দিধারীরা। ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তকারী আধিকারিক সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির খোঁজ চালানো হচ্ছে। টাওয়ার ডাম্প প্রযুক্তির সাহায্য নিচ্ছে নিউ মার্কেট থানার পুলিশ। তরুণীকে অপহরণের চেষ্টার নেপথ্যে কোনো রহস্য কি না, তাও তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ