Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাছ পাচারের চেষ্টা, গুঁড়ি সহ গাড়ি আটক করা হল সুতিতে

মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকায় গাছ কেটে পাচারের অভিযোগে উত্তেজনা ছড়াল। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা একটি গাছের গুঁড়ি সহ গাড়ি আটক করে বিক্ষোভ দেখান।

গাছ পাচারের চেষ্টা, গুঁড়ি সহ গাড়ি আটক করা হল সুতিতে
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের সুতি এলাকায় গাছ কেটে পাচারের অভিযোগে উত্তেজনা ছড়াল। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা একটি গাছের গুঁড়ি সহ গাড়ি আটক করে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, বনদপ্তর ও পঞ্চায়েতের অনুমতি ছাড়াই ওই এলাকায় কিছুদিন ধরে গাছ নিধন চলছে। এনিয়ে বহুদিন ধরে গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছিলেন। এদিন একটি গাড়িতে গাছের গুঁড়ি বহনের সময় হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। 

Advertisement

বিক্ষোভকারী মাবুদ মিয়াঁ বলেন, এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে গাছ কাটা চলছে। বনদপ্তরের নজরদারি না থাকায় মাফিয়ারা সেই সুযোগ নিচ্ছে। আরেক বাসিন্দা রাকেশ আলির অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় গাছ কাটা চলছে। আজ আরও দু’টি গাড়ি গাছের গুঁড়ি নিয়ে গিয়েছে। শেষে একটি গাড়ি আটকে পুলিসকে খবর দেওয়া হয়। আমরা চাই, নিয়ম মেনে গাছ কাটা হোক। 
খবর পেয়ে চাঁচল থানার পুলিস গিয়ে গাড়ি সহ কাটা গাছ বাজেয়াপ্ত করে থানায় আনে। গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবেজা খাতুন বলেন, এভাবে নির্বিচারে গাছ কাটা ঠিক নয়। পঞ্চায়েত থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি। তবে, গাছ ব্যবসায়ী মহম্মদ সেলিমের দাবি, দু’টি শুকনো আমগাছ কাটা হয়েছে। শুকনো থাকায় অনুমতির প্রয়োজন মনে করিনি।
বনদপ্তরের চাঁচলের রেঞ্জার দুলাল সরকার বলেন, সুতি এলাকায় গাছ কাটা নিয়ে কেউ অনুমতি নেননি। বনদপ্তরের নিয়মিত অভিযান চলে। শুনেছি পুলিস গাছ বাজেয়াপ্ত করেছে। বিষয়টি তারা দেখছে।
চাঁচল থানার এক আধিকারিক বলেন, গাড়ি ও গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ