নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশে পণ্য রপ্তানির পর খালি ট্রাকে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা চলছিল। বনগাঁর পেট্রাপোলে গাড়ি তল্লাশির সময় সোনা পাচারের পর্দাফাঁস করল বিএসএফ। উদ্ধার করা হয়েছে দুই কোটি ৪৫ লক্ষ টাকার সোনা। ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার সোনা পাচারের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেট্রাপোল সীমান্তে তল্লাশি অভিযান চালাচ্ছিল ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বাংলাদেশে রপ্তানির পর বেনাপোল থেকে ফিরে আসা খালি ট্রাকে তল্লাশি করছিল জওয়ানরা। তখনই একটি খালি ট্রাকে তল্লাশির সময় কেবিনে লুকিয়ে রাখা দুটি সবুজ রংয়ের প্যাকেট উদ্ধার হয়। আর তাতে ভরে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করা হয়েছিল। প্যাকেটের ভিতর ছ’টি সোনার বার এবং দুটি সোনার বিস্কুট ছিল। যার ওজন প্রায় দু’কেজি ৯৭৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার ৭৩ টাকা। সোনা পাচারের অভিযোগে ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিএসএফ। জেরায় অবশ্য সে সোনা পাচারের কথা স্বীকার করেছে। ক্যারিয়ার হিসেবেই সে এই কাজটি করেছে বলে বিএসএফের জেরায় জানিয়েছে চালক। একইসঙ্গে পাচারে ব্যবহৃত ট্রাকটিকেও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা শুল্ক দপ্তরে এবং গাড়ি সহ পাচারকারীকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, জওয়ানদের সক্রিয়তার জন্যই সোনা পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে।