


তেহরান: ইরানে ফের মার্কিন হানা। আর সেই হামলার আঁচ এবার কিছুটা এসে পড়ল ভারতের উপরেও? সোমবার ইরানের চাবাহারের ফ্রি ট্রেড ইন্ডাস্ট্রিয়াল জোনের কাছে হামলা চালাল মার্কিন ফাইটার জেট। বন্দর সংলগ্ন পাহাড়ি এলাকায় ইরানের সেনাছাউনিকে নিশানা করে মার্কিন বাহিনী। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল সংলগ্ন এলাকায় এই হামলায় বিস্ফোরণের আওয়াজ বহুদূর থেকেও শোনা গিয়েছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, চাবাহারের মুক্ত বাণিজ্য এলাকা সংলগ্ন পাহাড়ে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেখানেই রয়েছে ইরানের একটি সামরিক ঘাঁটি। ভাইরাল কিছু ভিডিয়োতে ওই ঘাঁটির উপর মার্কিন যুদ্ধবিমানকে চক্কর কাটতে দেখা গিয়েছে। তবে আমেরিকা বা ইরান কেউই এই হামলা নিয়ে সরকারিভাবে মুখ খোলেনি।
দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান-বালোচিস্তান প্রদেশে অবস্থিত এই চাবাহার বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান, মধ্য এশিয়া ও ইউরোপে পণ্য পৌঁছানোর জন্য এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২১ সালে ইরানের দক্ষিণ উপকূলে একটি কৌশলগত বন্দর পরিচালনার জন্য চুক্তি করে ভারত। সেইসূত্রে চাবাহার ফ্রি ট্রেড জোনে অ্যালুমিনিয়াম স্মেলটার, ইউরিয়া প্ল্যান্টের মতো নানান শিল্প গড়ার জন্য কোটি কোটি ডলার লগ্নির পরিকল্পনাও নেওয়া হয়। ২০৩৫ সালের মধ্যে দেশের অর্থনীতির বহর ১৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। এরজন্য প্রয়োজন বিদেশি লগ্নি ও স্থিতিশীল বাণিজ্যিক রুট। এর পরিপ্রেক্ষিতে চাবাহারের গুরুত্ব অপরিসীম। ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাতের মধ্যেই এই হামলায় ভারতের সেই বাণিজ্যিক স্বার্থ এখন বড়োসড়ো ঝুঁকির মুখে।