Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়কের উপর হামলা, অভিযোগ ওড়াল বিজেপি

শাসকদলের নেতা-কর্মীদের হাতে আক্রান্ত ধনেখালি ব্লকের গুড়বাড়ি-১ নম্বর পঞ্চায়েতের নির্বাহী সহায়ক। আক্রমণের জেরে মাথা ফেটেছে নির্বাহী সহায়ক প্রবীণচন্দ্র বাগের।

গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়কের উপর হামলা, অভিযোগ ওড়াল বিজেপি
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: শাসকদলের নেতা-কর্মীদের হাতে আক্রান্ত ধনেখালি ব্লকের গুড়বাড়ি-১ নম্বর পঞ্চায়েতের নির্বাহী সহায়ক। আক্রমণের জেরে মাথা ফেটেছে নির্বাহী সহায়ক প্রবীণচন্দ্র বাগের। তিনি গুড়াপ থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ায় বুধবার পঞ্চায়েতের তালাই খোলা হয়নি। বিজেপি নেতার দাবি, সব অভিযোগ ভিত্তিহীন।

Advertisement

প্রবীণবাবুর অভিযোগ, পঞ্চায়েতের উদ্যোগে বিকশিত ভারত গড়ার কাজ চলছে। ৫০ জন প্রতি একজন সুপারভাইজার নিয়োগ হবে। বৃক্ষরোপণের স্কিম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যেই জগবন্ধু পাল সহ বিজেপির নেতা-কর্মীরা স্বাধীনভাবে আমাদের কাজ করতে দিচ্ছেন না। নিয়মিত চলছে হুমকি। রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয়েছিল। তাতে ১০ হাজার টাকার একটি বিল বিডিও অফিসে জমা দিয়ে টাকা তোলার চেষ্টা করেন ওই নেতারা। প্রতিবাদ করায় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি, গত মঙ্গলবার বিডিও অফিস থেকে বাড়ি ফেরার সময় আমার উপর হামলা করে। তার জেরে মাথা ফাটে আমার। ধনেখালি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। গুড়াপ থানায় অভিযোগ জানালেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে পঞ্চায়েত। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের শাস্তি চাই।
বিজেপির বুথ সভাপতি জগবন্ধু পাল বলেন, প্রবীণ বাগের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মহিলাদের কটুক্তির পাশাপাশি বেশিরভাগ সময় তিনি মদ্যপ অবস্থায় অফিসে আসেন। বিকশিত ভারতের কাজে মাত্র ২৫ জনকে কাজ দিয়েছিলেন তিনি। আমরা গ্রামের সবাইকে এই কাজ সমানভাগে ভাগ করে দিয়েছি। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। আমরা এর তদন্ত চাইছি। মঙ্গলবার রাতে প্রবীণবাবু স্কুটারে করে ফেরার সময় আমাকে ধাক্কা মারেন। আমি পড়ে গেলে আমাকে মারধর করা হয়। সেই সময় হয়তো তাঁর মাথায় চোট লেগেছে। অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ