Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্টার্ন বাইপাসে এটিএম লুট: বিমানে চেপে দিল্লিতে গা ঢাকা, দুই দুষ্কৃতীকে ধরল পুলিস

এটিএম লুটের টাকায় বিমানে চেপে দুই দুষ্কৃতী বাগডোগরা বিমানবন্দর দিয়ে দিল্লিতে পালিয়ে গিয়েছিল। দিল্লি পুলিস অন্য একটি মামলায় ওই দুই দুষ্কৃতী সাজিদ ও আদিল খানকে গ্রেপ্তার করে।

ইস্টার্ন বাইপাসে এটিএম লুট: বিমানে চেপে দিল্লিতে গা ঢাকা, দুই দুষ্কৃতীকে ধরল পুলিস
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এটিএম লুটের টাকায় বিমানে চেপে দুই দুষ্কৃতী বাগডোগরা বিমানবন্দর দিয়ে দিল্লিতে পালিয়ে গিয়েছিল। দিল্লি পুলিস অন্য একটি মামলায় ওই দুই দুষ্কৃতী সাজিদ ও আদিল খানকে গ্রেপ্তার করে। তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। অন্যদিকে, শনিবার বিহারের সুপোল জেলা থেকে আরও এক দুষ্কৃতী উজিয়ার খানকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিস। মঙ্গলবার রাতে ইস্টার্ন বাইপাসের লোকনাথ মন্দিরের পাশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের ঘটনায় এনিয়ে তিন দুষ্কৃতী গ্রেপ্তার হল। তাদের সকলেরই বাড়ি হরিয়ানার নুহতে। উদ্ধার হয়েছে ৯ লক্ষ ৬০ হাজার টাকা। যার মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা ভালো অবস্থায় ছিল। বাকি টাকা অর্ধপোড়া ও প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। পুলিস সমস্তটাই উদ্ধার করে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দিয়েছে। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং।

Advertisement

তিনি বলেন, এটিএম লুটের ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। দলে আরও দু’জন দুষ্কৃতী ছিল। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২১ জুলাই হরিয়ানা থেকে কন্টেইনার করে উজিয়ার খান, সাজিদ কালা ও আদিল খান শিলিগুড়িতে পৌঁছয়। ফুলবাড়িতে একটি লজে তারা ছিল। ২২ জুলাই আরও দুই দুষ্কৃতী সাজিদ এবং আফতাব শিলিগুড়ি পৌঁছয়। তারা এক জায়গায় মিলিত হয়ে ইস্টার্ন বাইপাস এলাকার এটিএমগুলি রেইকি করে। ওইদিন রাতেই তারা এটিএম লুট করে পালায়। পরিকল্পনা অনুযায়ী তারা অম্বিকানগর থেকে চুরি করা গাড়ি নিয়ে এটিএম লুট করে ফুলবাড়িতে পৌঁছে কন্টেইনারে করে পালানোর ছক ছিল। যদিও শেষ পর্যন্ত চুরি করা গাড়ি নিয়ে পালানোর সময় পিছু ধাওয়া করে পুলিসের টহলদারি ভ্যান। ফলে গাড়ি ফেলেই তারা পালাতে বাধ্য হয়। এরপর তারা তিনটি দলে ভাগ হয়ে যায়। মহম্মদ সাজিদ এবং আদিল খান বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি পৌঁছে যায়। উজিয়ার খান কন্টেইনার নিয়ে বিহারে চলে যায়। অন্য দু’জন কোনও জায়গায় গা ঢাকা দেয়। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর পাঁচ জনকেই চিহ্নিত করে পুলিস। এরপর দিল্লিতে পুলিসকে খবর দিলে সাজিদ এবং আদিলকে তারা গ্রেপ্তার করে। কন্টেইনারের পিছু নিয়ে বিহার থেকে গ্রেপ্তার করা হয় উজিয়ারকে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। 
পুলিসের দাবি, হরিয়ানার নুহ’র এই দুষ্কৃতী দল উত্তরবঙ্গ সহ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কেরল, কর্ণাটক, গুজরাতে এটিএম লুট করেছিল। দিল্লিতেও তারা একাধিক অপরাধ ঘটিয়েছে। সেই সূত্রেই দিল্লি পুলিস ২৪ জুলাই প্রথম দু’জনকে গ্রেপ্তার করে। এবার তাদেরকে নিজেদের হেফাজতে আনার প্রক্রিয়া শুরু করেছে শিলিগুড়ি পুলিস। • বিহার থেকে ধৃতকে নিয়ে যাচ্ছে পুলিস। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ