Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রচারের শেষলগ্নে দেব, কোয়েলকে দেখতে ঘাটালের পথে মানুষের ঢল,

ঘাটালের শেষ লগ্নে তারকা-ঝলক, দেব-কোয়েলকে দেখতে জনসমুদ্রের উত্তাল ঢেউ।

প্রচারের শেষলগ্নে দেব, কোয়েলকে দেখতে ঘাটালের পথে মানুষের ঢল,
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: ঘাটালের শেষ লগ্নে তারকা-ঝলক, দেব-কোয়েলকে দেখতে জনসমুদ্রের উত্তাল ঢেউ।  নির্বাচনের অন্তিম লগ্নে প্রচারে শেষবারের মতো শান দিতে মঙ্গলবার রুপোলি পর্দার দুই মহাতারকার উপস্থিতিতে কার্যত প্লাবন এল ঘাটালে। প্রচারের শেষ দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট ময়দানে ঝড় তুললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘরের ছেলে তথা সাংসদ দীপক অধিকারী (দেব) এবং সদ্য রাজনীতিতে পা রাখা টলিউড কুইন কোয়েল মল্লিক। দুই তারকার এই মেগা রোড-শো ঘিরে গোটা মহকুমা জুড়ে যে উন্মাদনা চোখে পড়ল, তা এক কথায় নজিরবিহীন।

Advertisement

মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ যখন প্রখর রোদ মাথার ওপর, ঠিক তখনই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের হেলিপ্যাডে নামে কোয়েল মল্লিকের হেলিকপ্টার। ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে অজবনগর গ্রামপঞ্চায়েতের পান্না এলাকায় এবং  চন্দ্রকোণা বিধানসভার ক্ষীরপাই এলাকায় দলীয় প্রার্থী সূর্যকান্ত দলুইয়ের সমর্থনেও রোডশো করেন। দেবকে বারবার রাজনীতির ময়দানে দেখলেও, কোয়েল মল্লিককে রাজনৈতিক মিছিলে একেবারে সামনে থেকে দেখার সুযোগ ঘাটাল মহকুমাবাসীর কাছে এই প্রথম। 
ভিভিআইপি এবং জনপ্রিয় তারকাকে চোখের সামনে দেখতে দুপুরের চড়া রোদ উপেক্ষা করেই রাস্তায় নামে মানুষের ঢল। বিশেষ করে মহিলাদের মধ্যে হুড়োহুড়ি ছিল চোখে পড়ার মতো। কেউ বাড়ির ছাদ থেকে আবার কেউ গাছের ডালে উঠে কোয়েলকে দেখার চেষ্টা করেন। কোয়েলও স্বভাবসিদ্ধ হাসিতে হাত নাড়িয়ে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন। তাঁকে ঘিরে উন্মাদনা এতটাই প্রবল ছিল, নির্দিষ্ট পথ অতিক্রম করতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লেগে যায়। 
বিকেলের দিকে উত্তেজনার পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে ঠিক ৫টা ১০ মিনিট নাগাদ অরবিন্দ স্টেডিয়ামে অবতরণ করেন ঘাটালবাসীর অতি প্রিয় দেব। সেখান থেকে তিনি সরাসরি চলে যান দাসপুরের বকুলতলায়। সেখানেই তিনি হুডখোলা গাড়িতে একটি পথসভা করেন। সেখানে বিদায়ী মানবিক মুখ্যমন্ত্রীর নানা উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে বলেন, সাধারণ মানুষ নিজে ঠাণ্ডা মাথায় চিন্তা করলেই বুঝতে পারবেন দিদি পরিচালিত সরকার মানুষের জন্য কী করেছে। সেটা বিশ্লেষণ করলেই নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কাকে ভোট দেওয়া উচিত। সেই সঙ্গে ঘাটাল মহকুমা-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের দুর্দশা লাঘব করতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকার যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য জোরকদমে লেগেছে, সেই বিষয়টিও তুলে ধরেন। 
দেবকে ঘিরে নতুন ভোটার এবং কলেজ পড়ুয়াদের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। প্রিয় অভিনেতাকে একটি বার স্পর্শ করতে বা তাঁর সঙ্গে সেলফি তুলতে যুবকদের মধ্যে রীতিমতো লড়াই শুরু হয়ে যায়। ভিড়ের মধ্যে থাকা গৃহবধূরা উলুধ্বনি দিয়ে ও শাঁখ বাজিয়ে দেবকে স্বাগত জানান। দেব নিজে আবেদন জানান জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। বকুলতলা থেকে পীরতলা পর্যন্ত এই দেড় কিলোমিটার রাস্তা এদিন জনসমুদ্রের রূপ নিয়েছিল। কলেজ পড়ুয়ারা তাঁদের প্রিয় ‘সুপারস্টার’কে দেখে হাত নেড়ে চিৎকারে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। দেবের এই ম্যাজিক যে আজও ঘাটালের মাটিতে কতটা অটুট, এদিনের ভিড়ই তার প্রমাণ দিচ্ছিল।
ভোটের প্রচার শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই দুই তারকার উপস্থিতি মহকুমার রাজনৈতিক সমীকরণকে যেমন অক্সিজেন দিল, তেমনই সাধারণ মানুষের কাছে তা ছিল এক বিরাট প্রাপ্তি। ঘাটালে এর আগে অনেক হেভিওয়েট নেতার প্রচার হলেও, দেব ও কোয়েলের এই যৌথ মেগা শো-র রেশ জনমানসে দীর্ঘস্থায়ী হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘাটালের রাস্তায় ভিড়।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ