Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে বিয়েবাড়িতে খেয়ে অসুস্থ অন্তত ৫০ জন, ভর্তি হাসপাতালে

দাঁতনে বিয়েবাড়িতে খেয়ে অসুস্থ অন্তত ৫০ জন, ভর্তি হাসপাতালে
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বেলদা: বিয়েবাড়ির ভোজ খেয়ে দাঁতনে অন্তত ৫০ জন গ্রামবাসী অসুস্থ হয়েছেন। বুধবার রাত থেকে গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। গুরুতর অসুস্থদের নিয়ে যাওয়া হয়েছে আশেপাশের বিভিন্ন হাসপাতালে। দাঁতন গ্রামীণ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। 

Advertisement

বুধবার দুপুরে দাঁতন থানার মেনকাপুরে স্থানীয় মাইতি পরিবারে বৌভাতের অনুষ্ঠান ছিল। বিয়ের বৌভাতের আসরে হাজির গ্রামের বহু মানুষ নিমন্ত্রিত ছিলেন। সকলেই খাবার খেয়ে বাড়ি ফিরে যাওয়ার পরই বিকেলে হয় বিপত্তি। একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন নিমন্ত্রিতরা। বমি সহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়া গ্রামবাসীদের নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে রয়েছে একাধিক শিশু। মেনকাপুর হাইস্কুলে বসানো হয় মেডিক্যাল ক্যাম্প। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হ‌ওয়ায় তাদের পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, দুপুরে তীব্র গরমে খাবারে কোনওভাবে বিষক্রিয়া হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। দাঁতন গ্রামীণ হাসপাতালে ৩৪ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও একজন শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়েছে। অসুস্থ এক গ্রামবাসী পার্বতী মাইতি বলেন, দুপুরে পরিবারের সকলে বৌভাতে খেতে গিয়েছিলাম। সন্ধ্যার পর থেকে হঠাৎ করে বাড়ির সকলে অসুস্থ হয়ে পড়ে। একে একে গ্রামের বেশিরভাগ লোকজন অসুস্থ হতে শুরু করে। সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বাধীন রুইদাস বলেন, জল কিংবা খাবার থেকে এই ধরনের সমস্যা হতে পারে। অতিরিক্ত গরমে প্রোটিন জাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। গ্রামটির উপরে নজর রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে অসুস্থদের দেখতে দাঁতন গ্রামীণ হাসপাতালে আসেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস‌। বিধায়ক বলেন, স্বাস্থ্যদপ্তরকে ধন্যবাদ জানাই তাঁরা সারারাত ধরে অসুস্থদের পরিষেবা দিয়েছেন। হাসপাতাল থেকে শুরু করে গ্রামের ক্যাম্পেও স্বাস্থ্য কর্মীরা যেভাবে পরিষেবা দিয়েছেন তা প্রশংসনীয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ