দেরাদুন: ক্ষীরগঙ্গা নদীর তীরে অবস্থিত ছবির মতো একটি গ্রাম ধরালী। গত ৫ আগস্টের ভয়াবহ হড়পা বান সেখানে বিপর্যয় ডেকে এনেছে। বর্তমানে গোটা গ্রাম কার্যত ধ্বংসস্তূপ। অধিকাংশ ঘড়বাড়ি ভেঙে পড়েছে। রাস্তাঘাট, সেতুর অবস্থাও বেহাল। সবকিছু হারিয়ে দিশাহীন সাধারণ মানুষ। একই অবস্থা হার্শিল গ্রামেরও। শুক্রবার এই দুই গ্রামের বাসিন্দাদের ক্ষতিপূরণ দিয়েছে স্থানীয় প্রশাসন। আর তাতে খুশি হওয়া তো দূরের কথা, উল্টে ক্ষোভে ফুঁসছে মানুষ। প্রশাসনের তরফে হড়পা বান বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ৫ লক্ষ টাকা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অথচ তাঁদের হাতে এখন তুলে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকার চেক! যা নিতে অস্বীকার করেছেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের স্পষ্ট কথা, বর্তমান পরিস্থিতিতে ৫ হাজার টাকা ক্ষতিপূরণ ‘যথেষ্ট নয়’। এই অঙ্ক ‘অপমানজনক’ বলেও জানাচ্ছেন গ্রামবাসীদের বড় অংশ।



