নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে সারাদেশের প্রথম হওয়া আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও উপহার নিয়ে তাঁর বাড়িতে হাজির হন অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার ইপ্সিতা দত্ত ও হীরাপুর থানার পুলিস কর্মীরা। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সিঞ্চন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে আমার আরও সাফল্য কামনা করেছেন। আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকারদেরও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এসিপি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তাঁর শুভেচ্ছাপত্র ও উপহার পৌঁছলাম। আমাদের এলাকার পড়ুয়ারা সিঞ্চনের সাফল্যে অনুপ্রাণিত হবে।



