Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইয়ে আজ এশিয়া কাপের দল নির্বাচন, শুভমান গিলকে নিয়ে দোটানায় নির্বাচকরা

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি যতই তীব্র হোক, ভারতীয় ক্রিকেট বোর্ডের তা নিয়ে কোনও হেলদোল নেই। ৯ সেপ্টেম্বর শুরু হতে চলা এশিয়া কাপে অংশ নিচ্ছে টিম ইন্ডিয়া।

মুম্বইয়ে আজ এশিয়া কাপের দল নির্বাচন, শুভমান গিলকে নিয়ে দোটানায় নির্বাচকরা
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি যতই তীব্র হোক, ভারতীয় ক্রিকেট বোর্ডের তা নিয়ে কোনও হেলদোল নেই। ৯ সেপ্টেম্বর শুরু হতে চলা এশিয়া কাপে অংশ নিচ্ছে টিম ইন্ডিয়া। তার জন্য মঙ্গলবার দল নির্বাচন হতে পারে মুম্বইয়ে। ১৫ জনের স্কোয়াডে বেশ কিছু চমক থাকতে পারে। বাদ পড়তে পারেন কেউ কেউ। আবার কয়েকজনের অন্তর্ভুক্তির সম্ভাবনাও জোরালো।

Advertisement

সবচেয়ে বেশি চর্চা শুভমান গিলকে নিয়ে। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারত ২-২ করেছিল। গিল একাই করেছিলেন ৭৫৪ রান। প্রথমবার লাল বলের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার প্রবল চাপ উপেক্ষা করেই সেরাটা মেলে ধরেছিলেন পাঞ্জাব কা পুত্তর। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়েও দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। সব ফরম্যাটেই দক্ষতার পরিচয় দিয়েছেন গিল। তবে এশিয়া কাপ স্কোয়াডে গিলের সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছে। কারণ, ওপেনার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ব্যাক-আপ হিসেবে যশস্বী জয়সওয়াল রয়েছেন দৌড়ে। তাই গিলকে স্কোয়াডে রাখতে হলে তিন জনের মধ্যে কাউকে বাদ দিতে হবে। সেটা সহজ ব্যাপার নয়। কোচ গৌতম গম্ভীর হস্তক্ষেপ না করলে এশিয়া কাপে গিলের খেলা অনিশ্চিত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লড়াই জোরালো তিন নম্বর পরিজশন নিয়েও। এতদিন তিলক ভার্মা তিনে নেমে দলকে ভরসা জুগিয়েছেন। তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন শ্রেয়স আয়ার। কেকেআর ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন পাঞ্জাব কিংসে। তাঁর নেতৃত্বে পাঞ্জাব গত আইপিএলে ফাইনালেও খেলে। শ্রেয়সের নজরকাড়া পারফরম্যান্স নির্বাচকদের নোটবুকে জায়গা করে নিয়েছে। তাই দল নির্বাচনী বৈঠকে তিন নম্বরে তিলকের পাশাপাশি শ্রেয়সকে নিয়েও আলোচনা হবে।
মিডল অর্ডার মোটামুটি সেট। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সঙ্গে হার্দিক পান্ডিয়া, সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের জায়গা পাকাই। দুই অলরাউন্ডারের ভূমিকা ট্রফি জেতার ক্ষেত্রে হয়ে উঠবে খুবই গুরুত্বপূর্ণ। তবে নির্বাচকদের একাংশ চাইছেন, জীতেশ শর্মাকে রেখে সঞ্জুকে বাদ দিতে। তাহলে গিলকে জায়গা করে দেওয়া যাবে। পাশাপাশি লোয়ার মিডল অর্ডারও মজবুত করতে হবে। রিঙ্কু সিং এতদিন খেলছিলেন। তবে তাঁর পারফরম্যান্স অত্যন্ত খারাপ। বিকল্প চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে রিয়ান পরাগের নামও ভাসছে। 
এশিয়া কাপ যেহেতু আরব আমিরশাহিতে হচ্ছে, তাই সুবিধা পাবেন স্পিনাররা। সেকথা মাথায় রেখে স্পিন ব্রিগেডকে শক্তিশালী করতে চাইছে ভারত। তাই কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোইয়ের সঙ্গে থাকবেন অক্ষর প্যাটেল। তবে ওয়াশিংটন সুন্দর খেললে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও মজবুত হবে। সেক্ষেত্রে কোপ পড়তে পারে বিষ্ণোইয়ের উপর।
পেস আক্রমণে অর্শদীপের জায়গা পাকা। ফিট থাকলে খেলানো হবে বুমরাহকেও। সেই সঙ্গে হর্ষিত রানা কিংবা প্রসিদ্ধ কৃষ্ণা সুযোগ পেতে পারেন। ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করলেও সিরাজের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনা কম। কারণ, বর্ষীয়ান মহম্মদ সামিও লড়াইয়ে আছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ