নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘বহিরাগতদের’ হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন অশোকনগর পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। শনিবার সকাল থেকে ‘পেন ডাউন’ কর্মসূচিতে শামিল হন তাঁরা। কর্মীদের দাবি, পুরসভায় ঢুকে তাঁদের মারধর করা হয়েছে। অথচ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিরাপত্তা ও অভিযুক্তদের শাস্তির দাবিতে পুরসভার এগজিকিউটিভ অফিসার অরুণকুমার বিশ্বাসের ঘরের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। দিনভর কার্যত অচল হয়ে পড়ে পুরসভার কাজকর্ম। সূত্রের খবর, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কাজের জন্য জেলা প্রশাসনের তরফে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই কাজ দ্রুত শেষ করতে শুক্রবার রাতে পুরসভায় ডেটা এন্ট্রির কাজ করার জন্য কয়েকজন কর্মীকে বিশেষ অনুমতি দেন এগজিকিউটিভ অফিসার। অভিযোগ, রাতে পুরসভায় আলো জ্বলছে এবং কাজ চলছে দেখে আচমকা কয়েকজন লোক সেখানে ঢুকে পড়ে। তারা রাতে পুরসভা খোলা রেখে তথ্যপ্রমাণ লোপাটের কাজ চলছে বলে অভিযোগ করলে কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরে কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটরকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ পুরসভায় যায়। পুরকর্মীরা পুলিশকে জানান, ইও’র নির্দেশেই তাঁরা কাজ করছিলেন। কিন্তু অভিযোগ, বিষয়টি যাচাই না করে সাতজন পুরকর্মীকে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে এগজিকিউটিভ অফিসার থানায় গিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পুরকর্মীরা। তাঁদের অভিযোগ, সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে তাঁরা আক্রান্ত হয়েছেন। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে পুরসভার তরফে কোনো অভিযোগ করা হয়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন না বলে জানিয়ে দেন।



