Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রোগীদের বেসরকারি চিকিৎসাকেন্দ্রে পরীক্ষার জন্য পাঠাচ্ছেন আশাকর্মীরা

ডাক্তারের অনুমতি বা পরামর্শকে থোড়াই কেয়ার।

রোগীদের বেসরকারি চিকিৎসাকেন্দ্রে পরীক্ষার জন্য পাঠাচ্ছেন আশাকর্মীরা
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডাক্তারের অনুমতি বা পরামর্শকে থোড়াই কেয়ার। নিজেদের খেয়ালখুশি মতো অন্তঃসত্ত্বাদের ইউএসজি করাতে বা অন্যান্য রোগীদের নানা পরীক্ষা করাতে বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার কিছু আশাকর্মী। এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে চর্চা। বিষয়টি জানাজানি হতেই বেশ কয়েকজনকে শোকজ করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। প্রয়োজন ছাড়া রোগীদের ভয় দেখিয়ে একপ্রকার পরীক্ষা করাতে বাধ্য করছেন ওই আশাকর্মীরা। বেসরকারি ল্যাবরেটরি বা হাসপাতাল অথবা নার্সিংহোম থেকে বাড়তি কমিশনের জন্য তাঁরা এরকম করছেন বলে অভিযোগ। এতে রোগীদের অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। 

Advertisement

জানা গিয়েছে, জয়নগর ১, কুলতলি, ক্যানিং, বাসন্তী সহ বেশ কিছু ব্লক এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। নিয়ম অনুযায়ী, কোনও গর্ভবতীকে ইউএসজি বা অন্য কোনও শারীরিক পরীক্ষা করানোর জন্য ডাক্তারের পরামর্শ প্রয়োজন। তিনি নির্দেশ দিলে তবেই আশাকর্মীরা রোগীদের সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। কিন্তু এক্ষেত্রে বাড়ি বাড়ি পরিদর্শনের সময় আশাকর্মীদের একাংশ আগ বাড়িয়ে নানা ধরনের পরীক্ষা করানোর জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ। যা খবর পাওয়া গিয়েছে, তাতে অনেক রোগীকে আবার নিজেদের সঙ্গে করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়েছেন কেউ কেউ। পুরো কাজটাই বেআইনি বলে অভিমত স্বাস্থ্য আধিকারিকদের।
অনেকেই মনে করছেন, বর্তমানে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আশাকর্মীরা আন্দোলন করছেন। কিন্তু তাঁদের নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে যেতে রাজি নয় রাজ্য। অভিযোগ, তাই বিকল্প রোজগারের ব্যবস্থা করতে রোগীদের বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে পাঠাচ্ছেন তাঁরা। এতে কমিশন বাবদ ভালো রোজগার হতে পারে। সে কারণেই অনেকে এই বেনিয়ম করছেন।
দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য অধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, কিছু কিছু জায়গা থেকে এই ধরনের অভিযোগ আসছিল। ব্লক আধিকারিকদের এ ব্যাপারে আশাকর্মীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। যাঁরা এই ধরনের কাজ করছেন, তাঁদের সতর্ক করা হচ্ছে। কেউ কথা না শুনলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ