নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া সক্রিয় হতেই নভেম্বরের শেষলগ্নে বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে কিছুটা শীতের আমেজ এল। এদিন সর্বত্রই ছিল এই মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গাতেই বুধবারের তুলনায় এক ধাক্কায় প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, তাপমাত্রার আর বিশেষ পরিবর্তন আপাতত হবে না। হালকা শীতের এরকম আমেজই কয়েকদিন থাকবে।
এদিন দক্ষিণবঙ্গে উপকূল লাগোয়া সাগরদ্বীপ ছাড়া সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। দক্ষিণবঙ্গে সবথেকে কম তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতনে (১৩.৮ ডিগ্রি)। বহরমপুরে ছিল ১৪.৫ ডিগ্রি। পশ্চিমাঞ্চলসহ দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশে ছিল। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৭.৪ ডিগ্রি) নভেম্বরে এই প্রথম স্বাভাবিকের থেকে কম হল (প্রায় ১ ডিগ্রি)। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে কোচবিহারে (১৫.২ ডিগ্রি) সবথেকে কম রেকর্ড হয়েছে। এদিকে আগামী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। পরের দিন আন্দামান সাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এটি নিম্নচাপে পরিণত হবে। ২ ডিসেম্বর নাগাদ এটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে উপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। তবে পরবর্তী গতিপ্রকৃতির ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এদিন কিছু জানায়নি। তবে কোনো কোনো মডেল নিম্নচাপটি তামিলনাড়ু-শ্রীলঙ্কা অভিমুখের ইঙ্গিত করেছে। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপটি ওইদিকে গেলে পশ্চিমবঙ্গের উপর এর বিশেষ কোনো প্রভাব পড়বে না। উত্তুরে হাওয়া রাজ্যে তখন বরং আরও কিছুটা সক্রিয় হতে পারে।



