


লন্ডন: প্রিমিয়ার লিগে জয়ের ছন্দ বজায় রাখল চেলসি। শনিবার অ্যাওয়ে ম্যাচে বার্নলেকে ২-০ গোলে হারিয়েছে এনজো মারেস্কার ছেলেরা। ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে টানা তিন ম্যাচে জয় পেল তাঁরা। এদিন স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে পেড্রো নেটো ও এনজো ফার্নান্ডেজ। এই জয়ের সুবাদে দ্য ব্লুজের সংগ্রহ ১২ ম্যাচে ২৩ পয়েন্ট। মারেস্কার প্রশিক্ষণে চলতি মরশুমে দারুণ ছন্দে চেলসি। ইতিমধ্যেই লিভারপুল, টটেনহ্যামের মতো দলকে বশ মানিয়েছে তারা। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। তার আগে প্রিমিয়ার লিগে এই জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়াবে।
চেলসি জিতলেও প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেয়েছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে এসে আর্নে স্লটের দলকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে নটিংহ্যাম ফরেস্ট। জয়ী দলের তিন গোলদাতা যথাক্রমে মুরিলো, নিকোলো ও গিবস হোয়াইট। ম্যান সিটির কাছে হারের পর এই ম্যাচেও ভরাডুবির জেরে টেবিলে ১১ নম্বরে নেমে গিয়েছে লিভারপুল। লিগের অন্য ম্যাচে নিউকাসল ইউনাইটেডের কাছে ১-২ ব্যবধানে হারল ম্যাঞ্চেস্টার সিটি। জোড়া গোলে ম্যাচের নায়ক হার্ভে বার্নাস। সিটিজেনদের একমাত্র গোলটি রুবেন ডিয়াজের।
অন্যদিকে, গত কয়েক মরশুমে আশা জাগিয়েও লিগ জয় অধরাই থেকেছে আর্সেনালের। এবারও শুরু থেকেই ছন্দে আর্তেতা-ব্রিগেড। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তবে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছিল গানাররা। সেই ধাক্কা সামলে রবিবার ঘরের মাঠে লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে মরিয়া সাকারা।
বার্নলে- ০ : চেলসি- ২
লিভারপুল-০ : নটিংহ্যাম ফরেস্ট-৩