Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স লিগে আজ আর্সেনাল-বায়ার্ন দ্বৈরথ

২০১৫’র নভেম্বর থেকে ২০১৭ মার্চ — চ্যাম্পিয়ন্স লিগে টানা তিনবার আর্সেনালকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। সেই লজ্জার ক্ষত এখনও সারেনি গানারদের।

চ্যাম্পিয়ন্স লিগে আজ আর্সেনাল-বায়ার্ন দ্বৈরথ
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ২০১৫’র নভেম্বর থেকে ২০১৭ মার্চ — চ্যাম্পিয়ন্স লিগে টানা তিনবার আর্সেনালকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। সেই লজ্জার ক্ষত এখনও সারেনি গানারদের। ২০২৪ সালে বদলার সুযোগ এসেছিল ঠিকই। কিন্তু ম্যাচটি ২-২ ড্র হয়। তাই বুধবার এমিরেটস স্টেডিয়ামে অতীতের জ্বালা মেটানোর আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। বুকায়ো সাকারা কি পারবেন বদলা নিতে? উত্তরটা লুকিয়ে সময়ের গর্ভে। অবশ্য বদলার সমীকরণ ছাড়াও এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। কারণ এই দু’টি ক্লাব বর্তমানে ইউরোপের সেরা। চ্যাম্পিয়ন্স লিগের টেবিলেও সমান পয়েন্ট (১২) নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে বায়ার্ন ও আর্সেনাল। শুধু তাই নয়, বুন্দেশলিগা ও ইপিএলের মগডালে তারা। বলাই বাহুল্য, সেয়ানে-সেয়ানে টক্কর হবে।

Advertisement

মিকেল আর্তেতার অধীনে গত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে আর্সেনাল। ট্রফি জয়ের আশাও দেখায়। কিন্তু শেষ ল্যাপে ছন্দপতনের জেরে খেতাব জোটেনি। এবার তাই শুরু থেকেই সতর্ক ইংলিশ ক্লাবটি। আক্রমণভাগে বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রোসার্ডরা তো আছেনই। পাশাপাশি চলতি মরশুমে আবার ইবেরচি এজে যোগ দেওয়ায় আক্রমণভাগে ধার বেড়েছে। রবিবার তো এই এজের হ্যাটট্রিকেই টটেনহ্যামকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে আর্সেনাল। রক্ষণভাগেও সালাইবা, টিম্বার, ক্যালাফিওরির মতো তারকা রয়েছেন। তবে আর্সেনালের বড় অস্ত্র কোচ আর্তেতার মগজাস্ত্র। ধুরন্ধর কোচ যে বায়ার্ন বধের নীল-নকশা তৈরি করে ফেলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে চোটের কারণে এই ম্যাচে নেই ভিক্টর ও মার্টিন ওডেগার্ড। কাই হাভার্ট, গ্যাব্রিয়াল হেসাসের চোটও সারেনি। পক্ষান্তরে, ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নও দুর্দান্ত ‌ফর্মে। আক্রমণভাগে ভরসা হ্যারি কেন। এছাড়া ওলসেও নিয়মিত গোল পাচ্ছেন। তবে পিএসজি’র বিরুদ্ধে লাল কার্ড দেখায় তিন ম্যাচ নিষিদ্ধ ফর্মে থাকা লুইস ডিয়াজ। ২০২৫ সালে আর কোনও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পারবেন না তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ওলিম্পিয়াকোসের বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে অন্তর্দ্বন্দ্বে জেরবার জাবি আলোন্সো-ব্রিগেড। কোচের সঙ্গে ঝামেলার জেরে চুক্তি নবীকরণ করতে চাইছেন না ভিনিসিয়াস জুনিয়র। কারণ, এখনও পর্যন্ত ১৭ ম্যাচের মধ্যে তাঁকে মাত্র ৫টি’তে পুরো সময় খেলিয়েছেন কোচ। এমন পরিস্থিতিতে শেষ তিনটি ম্যাচে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ওলিম্পিয়াকোস অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যামদের উপস্থিতিতে তাদের হারাতে সমস্যা হওয়ার কথা নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ