স্থলভাগে আছড়ে পড়ার পরেই শক্তি কমল অর্ণবের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১১:২৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আছড়ে পড়ার আগেই তীব্রতা বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব চালিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। তবে স্থলভাগে আছড়ে পড়তেই ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। বুধবার, ২৮ অক্টোবর সকাল ৮টা ৩০ মিনিটে অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি কমে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব'। 

Advertisement

আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, বুধবার রাত ২টো থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। ইয়ানামের দক্ষিণ-পশ্চিমে, নরসাপুরের প্রায় ২০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে, ইয়ানাম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কাকিনাড়া থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্থলভাগে প্রবেশ করে অর্ণব। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। হাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টির কেন্দ্র সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করেছে। ফলে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।