নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সহকর্মীর প্রাণ বাচাতে খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন ২৩ বছরের সেনা অফিসার। বৃহস্পতিবার সিকিমে ঘটনাটি ঘটে। মৃত সেনা অফিসারের নাম লেফটেন্যান্ট শশাঙ্ক তেওয়ারি। সেনা সূত্রে জানা গিয়েছে, ছ’মাস আগে বাহিনীতে যোগ দিয়েছিলেন শশাঙ্ক। এদিন সেনা ঘাঁটি থেকে বেরিয়ে রুট ওপেনিং পেট্রোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেলেন তিনি। সেই সময় কাঠের সেতু পার হতে গিয়ে পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যান অগ্নিবীর স্টিফেন সুব্বা। জীবনের পরোয়া না করে তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন শশাঙ্ক। পরে নায়েক পুকার কাটেল নামে আরও এক জওয়ান এগিয়ে আসেন। কোনও রকমে অগ্নিবীর সুব্বাকে উদ্ধার করা হয়। তবে শশাঙ্ককে বাঁচা যায়নি। ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে তরুণ সেনা অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয়।



