মুম্বই: ২২ বছর বয়সে অঞ্জলীকে বিয়ে করেছিলেন শচীন তেন্ডুলকর। তাঁদের পুত্র অর্জুন তেন্ডুলকরের বাগদান হল ২৫ বছর বয়সে। পাত্রীর নাম সানিয়া চান্দোক। তিনি মুম্বইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনী। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বুধবার বাগদান সম্পন্ন হয়। বাঁ-হাতি অলরাউন্ডার অর্জুন এখন ঘরোয়া ক্রিকেটে খেলেন গোয়ার হয়ে। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। ২০২০-২১ মরশুমে মুম্বইয়ের হয়ে প্রথমবার ঘরোয়া ক্রিকেটে নামেন শচীন-পুত্র। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান রয়েছে অর্জুনের। তিনি নিয়েছেন ৩৭ উইকেট।



