বুয়েনস আইরেস: বিশ্ব ফুটবল আঙিনায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ব্রাজিল-আর্জেন্তিনা ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে সম্প্রতি বেশ ম্রিয়মাণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উল্টোদিকে, আর্জেন্তিনা এখন বিশ্বসেরা। শেষ চার বছরে চারটি খেতাব ঘরে তুলেছে তারা। আর সেলেকাওদের শেষ সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকা জয়। এমনকী, শেষ পাঁচটি সাক্ষাতে তিনবার শেষ হাসি হেসেছে লায়োনেল স্কালোনি-ব্রিগেড। একটিতে জয় পেয়েছে ব্রাজিল। চলতি বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম লেগে মারাকানায় নিকোলাস ওটামেন্ডির গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্তিনা। এবার ঘরের মাঠেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাদের। মঙ্গলবার (ভারতীয় সময়ে বুধবার ভোরে) এক পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে মূলপর্বের জায়গা পাকা করবে আর্জেন্তিনা। তবে ড্র নয়, জিতেই আমেরিকার টিকিট পেতে চাইছে স্কালোনি-ব্রিগেড। পক্ষান্তরে, অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট কাড়তে মরিয়া ব্রজিল।
গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে দু’দলেই চোট থাবা বসিয়েছে। বিশ্বকাপের বাছাই পর্বের আসন্ন ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন লায়োনেল মেসি ও নেইমার। এছাড়া আর্জেন্তিনা শিবিরে নেই পাওলো ডিবালা, লাওতারো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসোর মতো খেলোয়াড়। তা সত্ত্বেও গত ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে দুরন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ডিয়েগো মারাদোনার দেশ। ব্রাজিল ম্যাচের আগে যা অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে স্কালোনি-ব্রিগেডের। তাই ব্রাজিলের বিরুদ্ধে দলের খুব একটা পরিবর্তন করতে নারাজ কোচ স্কালোনি। টিম গেমে ভর করেই মেগা ম্যাচে জয় তুলে নেওয়া লক্ষ্য তাঁর।
পক্ষান্তরে, খুব একটা স্বস্তিতে নেই ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র। একেই দলে অভিজ্ঞ ফুটবলারের অভাব। তারউপর গত ম্যাচে চোট পান আলিসন বেকার। ফলে আর্জেন্তিনার বিরুদ্ধে তিনকাঠির নীচে দলের তিন নম্বর গোলরক্ষক বেন্তোর উপরই ভরসা রাখতে হবে তাঁকে। তবে গত ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে জয় কিছুটা হলেও চাপ কাটিয়েছে ব্রাজিল শিবিরে। তবে আর্জেন্তিনার বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে স্নায়ুর চাপ কতটা বজায় রাখতে পারেন সেলেকাওরা, তার উপর অনেকটাই ম্যাচের ভাগ্য নির্ভর করবে।
বুধবার ভারতীয় সময় ম্যাচ শুরু ভোর ৫-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার ফ্যানকোড অ্যাপে।