Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চার বিধানসভা পুনরুদ্ধারে কী বার্তা অভিষেকের তাকিয়ে আরামবাগের তৃণমূল নেতৃত্ব

আজ, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব।

চার বিধানসভা পুনরুদ্ধারে কী বার্তা অভিষেকের তাকিয়ে আরামবাগের তৃণমূল নেতৃত্ব
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আজ, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। আজ সকালে কলকাতায় দলীয় অফিসে ওই বৈঠক হওয়ার কথা। আরামবাগ মহকুমার চারটি বিধানসভা আসন পুনরুদ্ধারে অভিষেক কী দাওয়াই বাতলান সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। বৈঠকের আগে সংগঠনিক নানা বিষয়ে হোম ওয়ার্ক সেরে নিচ্ছেন তৃণমূল নেতারা। 

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেকের বৈঠকে আরামবাগ সাংগঠনিক জেলার পদাধিকারীরাই ডাক পেয়েছেন। একমাত্র জেলাস্তরের নেতানেত্রীরাই বৈঠকে যোগ দেবেন। তবে বৈঠকের আগে কেউ এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। 
উল্লেখ্য, মাস আট-দশ পরেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের সব জেলার নেতাদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অভিষেকের সঙ্গে থাকছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। ইতিমধ্যে একাধিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন অভিষেক। জেলার সাংগঠনিক বিষয়ে খোঁজখবর নেওগার পাশাপাশি আগামীদিনে দলের অবস্থান স্পষ্ট করে প্রয়োজনীয় বার্তাও দিচ্ছেন তিনি। এখন আরামবাগ সাংগঠনিক জেলার ক্ষেত্রে অভিষেক কী বার্তা দেবেন, সেদিকে তাকিয়ে তৃণমূলের নিচুতলার কর্মীরাও। 
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে আরামবাগ আসনটি তৃণমূলের দখলে এলেও বিধানসভা ভিত্তিক ফল দলের পক্ষে ছিল না। পুরশুড়া, খানাকুল ও গোঘাট বিধানসভায় পিছিয়ে তারা। আরামবাগে সামান্য ভোটে এগিয়ে যায় ঘাসফুল শিবির। 
একইসঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মহকুমার চারটি আসনই তৃণমূলের হাতছাড়া হয়েছে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে আরামবাগ মহকুমার আসনগুলি পুনরুদ্ধার করাই চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। সেই লক্ষ্যে কোন পথে এগবে তৃণমূল তার রূপরেখা দিতে পারেন রাজ্যের নেতারা। 
নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা বলেন, অভিষেকের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আহ্বান পেয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার মূল স্রোতের নেতারা। জেলা সভাপতি, চেয়ারপার্সন, যুব সভাপতি, মহিলা সভানেত্রী ও শ্রমিক সংগঠনের সভাপতিরা বৈঠকে থাকতে পারেন। 
দলের একাংশের দাবি, আরামবাগ মহকুমায় প্রত্যেকটি বিধানসভাতেই দলীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সেই কোন্দলের প্রভাব বিগত নির্বাচনগুলিতে পড়েছে। ফলে গোষ্ঠী কোন্দল মেটাতে দল কড়া অবস্থানের কথা জানাতে পারে। তারসঙ্গে বিজেপিকে মোকাবিলা করার পথও বাতলে দিতে পারে। 
যদিও পুরশুড়ার বিধায়ক বিজেপির বিমান ঘোষ বলেন, রাজ্য নেতৃত্ব আরামবাগ সংগঠনিক জেলা নিয়ে যতই বৈঠক করুক। এখানকার মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন। ফলে আগামী বিধানসভা নির্বাচনে ফের গেরুয়া আবিরই উড়বে আরামবাগ মহকুমায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ