বোলপুরে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি, পুলিশের ব্যর্থতা নিয়ে সরব বিজেপি বিধায়ক
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:৩০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বোলপুরে দুষ্কৃতীদের ধরতে গিয়ে পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন লাভপুরের বিজেপি বিধায়ক দেবাশিস ওঝা। শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েকবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। ঘটনার খবর পেয়ে রাতে বোলপুর মহকুমা হাসপাতালে তাঁকে দেখতে আসেন বিধায়ক। যদিও তাঁর পৌঁছনোর আগেই আহত পুলিশকর্মীকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমানে পাঠানো হয়। 

Advertisement

হাসপাতালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবাশিস ওঝা বলেন, 'এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দেড় মাস আগে আমাদের বুথকর্মী মারা গেলেন। দেড় মাসের মধ্যে ফের গুলি চালানোর ঘটনা ঘটল। এবার সরাসরি প্রশাসনের উপর গুলি চালানো হল। এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। নতুন সরকারের আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বোলপুরে এখনও তা প্রতিষ্ঠা করতে পারিনি। এটা আমাদের লজ্জার। এ বিষয়ে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব'। তিনি আরো জানান, 'মুখ্যমন্ত্রী বলেছেন, বিকালে জমা নিয়ে সকালে খরচের কথা। তাই এই ধরনের কাজ যারা করছেন, তাঁদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। পুলিশের ব্যর্থতা রয়েছে, তা মানতেই হবে। ঠিকমতো তথ্য থাকলে এই ঘটনা ঘটত না।'

 একই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনিও হাসপাতালে এসে আহত পুলিশকর্মীর খোঁজ নেন। তিনি বলেন, 'আমি খুবই ব্যথিত ও উদ্বিগ্ন। বোলপুর মহকুমা এলাকায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন? কিছুদিন আগেই আমার বুথ সভাপতি খুন হয়েছেন। তারপর এবার পুলিশকর্মী গুলিবিদ্ধ হলেন। তাহলে কি বোমা, বারুদ, বন্দুকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই এলাকা?'

উল্লেখ্য, বোলপুরে এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে শুক্রবার সন্ধ্যায়। বোলপুরের লায়েকবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলির আঘাতে আহত ওই পুলিশকর্মীকে তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর তাঁর সহকর্মী পুলিশকর্মীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তিনজন দুষ্কৃতীকে ধরতে গিয়েই এমন ঘটনা ঘটে।