নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল মৃত্যু শোকে। কালীপুজোর বিসর্জন ঘিরে আনন্দ-উদযাপনের মাঝেই আচমকা ছন্দপতন। সামান্য বচসা থেকে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত গড়াল রক্তারক্তিতে। বিসর্জনকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বিবাদ শুরু হয়, তারপরেই তর্কাতর্কি চলাকালীন ছুরিকাহত হন এক ব্যক্তি। মৃত্যু হয় ওই যুবকের। বাঁকুড়ার লোকপুরের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম আদিত্য ভগক (৩০)। তিনি লোকপুর এলাকারই বাসিন্দা। কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে এক যুবকের সঙ্গে বচসা হয় আদিত্যর। তারা সকলেই কমবেশি মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু সেই ঝামেলা পরে বিশাল আকার ধারণ করে। সেই সময়ই আদিত্যকে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত যুবক। এই ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৎক্ষণাৎ স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে। সেখানেই তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়। বাঁকুড়া জেলার এক পুলিশ আধিকারিক জানান, ‘ঘটনার পিছনে কোনো পুরনো আক্রোশ রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’



