জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে আরামবাগ, মণ্ডপে থিমের চমক
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তিরুপতি বালাজি থেকে শুরু করে আদিযোগী-জগদ্ধাত্রীপুজোর থিমে হরেক চমক নিয়ে হাজির উদ্যোক্তারা। মঙ্গলবার বেশিরভাগ জগদ্ধাত্রীপুজোর মণ্ডপের উদ্বোধন হয়। বাহারি আলোর সাজে আরামবাগ শহর ঝলমল করছে। আরামবাগ হাইস্কুল মাঠে স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রীপুজো এবার ৫৭তম বর্ষে পা দিয়েছে। উদ্যোক্তারা এবার দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন। ফোম, বাটাম, কাপড় প্রভৃতি সামগ্রী দিয়ে সুউচ্চ মণ্ডপ তৈরি করা হয়েছে। কোতুলপুর থেকে আলোকসজ্জা নিয়ে আসা হয়েছে। চারটি বিভাগে প্রায় ১২০০পড়ুয়াকে নিয়ে আঁকা প্রতিযোগিতা হবে। সেইসঙ্গে বৃহস্পতিবার আতসবাজির প্রদর্শনী হবে। আরামবাগ শহরের গৌরহাটি মোড়ে ত্রিধারা সম্মিলনীর পুজো নবম বর্ষে পা দিয়েছে। উদ্যোক্তারা জানান, দক্ষিণ ভারতের মন্দিরের আদলে পুজোর মণ্ডপ তৈরি হয়েছে। মন্দিরের চূড়ায় থাকছেন আদিযোগী। মণ্ডপের থিমে বিশেষ লাইট ও সাউন্ড শো হবে। গৌরহাটি মোড়ে প্রগতি চক্রের পুজোও এবার দর্শক টানবে। উদ্যোক্তারা জানান, জগদ্ধাত্রী পুজোয় থিম ‘ফিরে দেখা ৯০-এর দশক’। খড়ের মণ্ডপে পিয়ানো, টেপ রেকর্ডার, ক্যামেরা, হ্যাজাক, গোরুর গাড়ি, পুরনো দিনের কয়েন প্রভৃতি থাকবে। মণ্ডপ চত্বর টালি দিয়ে সাজানো হবে।

Advertisement