নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: টুলু মণ্ডল-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের ডেরায় তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। বোলপুর বাইপাস সংলগ্ন সেহগালের আবাসনে টানা দু’দিনের ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হয়েছে রাশি রাশি নগদ টাকা, গয়না, দেড় শতাধিক জমির দলিল এবং ভারত ছাড়াও আরব ও পাকিস্তানের মতো বিদেশি মুদ্রা। রবিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই বোলপুরের ওই আবাসনে চিরুনি তল্লাশি শুরু করে বীরভূম জেলা পুলিশ। তদন্তে টুলু মণ্ডলের সঙ্গে সেহগালের একাধিক আর্থিক লেনদেন ও যোগসূত্রের হদিশ মেলার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার সিউড়ি আদালতে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, সেহগালের বাড়ি থেকে প্রায় ১৫০টির কাছাকাছি জমির দলিল, ১২ লক্ষ টাকারও বেশি ভারতীয় নগদ অর্থ এবং আনুমানিক ৭০০ থেকে ৮০০ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে। একইসঙ্গে মিলেছে আরব ও পাকিস্তানের কারেন্সি নোট। সরকারি আইনজীবী বলেন, তদন্ত চলাকালীন টুলু মণ্ডলের সঙ্গে সেহগালের যোগসূত্র স্পষ্ট হয়েছে। বাজেয়াপ্ত বিদেশি মুদ্রার পরিমাণ ঠিক কতটা, তা তদন্তের স্বার্থে এখনই খোলসা করতে না চাইলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি স্পষ্ট করেছেন।