Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আপত্তিকর ছবি ভাইরালের হুমকি দেওয়ায় আত্মঘাতী নাবালিকা, ধৃত ১

আপত্তিকর ছবি ভাইরালের হুমকি দেওয়ায় আত্মঘাতী নাবালিকা, ধৃত ১
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিতে নাবালিকা আত্মঘাতী হওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম শেখ হাসিনুর রহমান ওরফে বান্টি। জামালপুর থানার কাঁটাগড়িয়ায় তার বাড়ি। ঘটনার পরই সে মহারাষ্ট্রের শোলাপুর জেলার সাঙ্গালা থানা এলাকায় পালিয়ে যায়। সেখানে সে আত্মগোপন করেছিল। মোবাইলের সূত্র ধরে তার হদিশ পায় পুলিস। ২৪ নভেম্বর তাকে সাঙ্গালা থানা এলাকা থেকে স্থানীয় পুলিসের সাহায্য নিয়ে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ করে তাকে রাজ্যে নিয়ে আসার জন্য তিনদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানান জামালপুর থানার তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করে মহারাষ্ট্রের আদালত। বুধবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ৭ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন সিজেএম। পুলিস জানিয়েছে, জামালপুর থানা এলাকায় ওই নাবালিকার বাড়ি। কিছুদিন ধরেই তাকে কুপ্রস্তাব দিচ্ছিল হাসিনুর। প্রস্তাবে রাজি না হলে নাবালিকার আপত্তিকর ছবি এডিট করে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি নাবালিকা তার পরিবারের লোকজনকে জানায়। পরিবারের লোকজন অভিযুক্তের বাড়িতে যান। হাসিনুরের পরিবার নাবালিকার পরিবারের লোকজনের কথায় পাত্তা দেয়নি। উল্টে নাবালিকার পরিবারের লোকজনকে মারধর করা হয়। হুমকিও দেওয়া হয়। ২১ নভেম্বর বন্ধুর মোবাইল থেকে ফোন করে হাসিনুর ৫ লক্ষ টাকা দাবি করে। দাবিমতো টাকা দিলে সব ছবি মুছে দেবে বলে সে জানায়। অন্যথায়, নাবালিকাকে অপহরণ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে। পরেরদিন বাড়ির দোতলার ঘর থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার বিষয়ে নাবালিকার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ