নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দিতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। কিন্তু বহু ক্ষেত্রেই আবেদনকারীদের ঢিলেঢালা মনোভাবের কারণে সেই প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। নাগরিকত্ব পেতে দক্ষিণ ২৪ পরগনায় ১৯ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের একটা বড়ো অংশ কাকদ্বীপের। কিন্তু যখন এঁদের শুনানিতে আসতে ফোন করা হচ্ছে, তখন অনেকেই বলছেন, ‘এখন হবে না। অন্য একদিন যাব।’ বহু মানুষ সময়মতো শুনানিতে আসছেন না বলে যাচাই প্রক্রিয়ায় দেরি হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৫ নভেম্বর পর্যন্ত মাত্র ৫৪ জনের যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। এদিকে, কাকদ্বীপের বিজেপি বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবেদন করেই হাত গুটিয়ে বসে থাকলে হবে না। হিয়ারিংয়ে ডাকা হলে যেতেই হবে। ভোটার তালিকায় নাম তুলতে হলে যখন ডাকা হবে তখনই যেন তাঁরা যান। প্রসঙ্গত, নাগরিকত্ব না থাকার জন্য এসআইআরে ভোটার তালিকা থেকে এঁদের নাম কাটা পড়েছে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আবেদন এসেছে বলে খবর। এঁদের কেউ ৩৫ বছর, কেউ ৪০ বছর ঘরে ভারতেই বসবাস করছেন। ইতিপূর্বে একাধিকবার ভোটও দিয়েছেন তাঁরা। কিন্তু এসআইআরে নাম বাদ যেতেই তাঁরা সমস্যায় পড়েছেন। রাজ্যের বর্তমান বিজেপি সরকারের উদ্যোগে তাঁদের সিএএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্লক অফিস থেকে পঞ্চায়েত, মহকুমা শাসক থেকে অন্যান্য সরকারি অফিসে শুনানি চলছে। কিন্তু এই সময় অনেকেই ভিন রাজ্যে চলে গিয়েছেন কাজের জন্য। ফলে শুনানির জন্য আসতে বলা হলেও তাঁরা বিকল্প দিনক্ষণ জানতে চাইছেন। শ্রীদাম দাস নামে কাকদ্বীপের এক বাসিন্দা বলেন, ‘১৯৯৩ সালে এখানে এসেছি। আগে আবেদন করেও লাভ হয়নি। তারপর ব্যবসা, কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এদিকে আর নজর দিতে পারিনি। এবার ডাক এসেছে বলে লাইনে দাঁড়িয়েছি।’ পাখি দাস নামে আরেক বৃদ্ধার বক্তব্য, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। সুযোগসুবিধা পাচ্ছি না। তাই নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। হিয়ারিংয়ে এসেছি। আশা করছি দ্রুত পেয়ে যাব নাগরিকত্ব।’ নিজস্ব চিত্র



