স্ক্যানার খুললে ক্র্যাশ করছিল অ্যাপ, ৩ দিনেই অ্যাকাউন্ট  থেকে উধাও তিন লক্ষ টাকা
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নয়া কৌশলে প্রতারণার জাল বুনেছে জালিয়াতরা। অনলাইন পেমেন্ট অ্যাপের কিউআর কোড স্ক্যানার চালু করলেই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপ। এই সমস্যা চলাকালীন তিন দিনে পাঁচ দফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৩ লক্ষ ৭ হাজার টাকা। প্রতারণার শিকার হয়েছেন শিবপুরের বেতাইতলার বাসিন্দা প্রদীপ কুমার। এই ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

প্রদীপবাবু কেন্দ্রীয় সরকারের একটি সংস্থায় কর্মরত। তাঁর অভিযোগ, গত ১৭ নভেম্বর থেকে অনলাইন পেমেন্ট অ্যাপের কিউআর কোড স্ক্যানার কাজ করছিল না। স্ক্যানার চালু করলেই মুহূর্তের মধ্যে ক্র্যাশ করে যাচ্ছিল অ্যাপটি। কিন্তু সেই সময় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাওয়ার বিষয়টি তিনি টের পাননি। ১৭ থেকে ১৯ নভেম্বরের মধ্যে পাঁচ দফায় কখনও ৫০ হাজার, কখনও ৭০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৭ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর সন্ধ্যায় এটিএমে গিয়ে ব্যালান্স পরীক্ষা করতে গেলে বিষয়টি জানতে পারেন তিনি। এরপর শিবপুর থানায় যোগাযোগ করলে প্রথমে ব্যাংকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়। পরের দিন চুনাভাটির সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় যোগাযোগ করেন প্রদীপবাবু। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট। পরে থানায় লিখিত অভিযোগ জানান তিনি। প্রদীপবাবুর দাবি, কোনো অপরিচিত নম্বর থেকে ফোন বা মেসেজ আসেনি। কাউকে ব্যাংকের তথ্য কিংবা এটিএমের পিনও জানাননি তিনি। এমনকি, অ্যাকাউন্ট থেকে টাকা কাটার কোনো মেসেজও তাঁর মোবাইলে আসেনি। তা হলে কীভাবে এই বিপুল টাকা উধাও হল, বুঝতে পারছেন না তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ।