Bartaman Logo
১০ জুন, ২০২৬

দ্বিগুণ হচ্ছে অ্যাপ ক্যাব সার্জ! সায় মোদি সরকারের

অফিস টাইম কিংবা প্রবল দুর্যোগ... সঙ্গে সঙ্গে অ্যাপ ক্যাবের ‘পোয়া বারো’! লাগু হয় ‘সার্জ’

দ্বিগুণ হচ্ছে অ্যাপ ক্যাব সার্জ! সায় মোদি সরকারের
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অফিস টাইম কিংবা প্রবল দুর্যোগ... সঙ্গে সঙ্গে অ্যাপ ক্যাবের ‘পোয়া বারো’! লাগু হয় ‘সার্জ’। রোজকার নির্ধারিত গন্তব্যে পৌঁছতে হয় দেড়গুণ ভাড়ায়। মোদি সরকারের বদান্যতায় সেটাই এবার বেড়ে হতে চলেছে দ্বিগুণ। দিনের ব্যস্ততম সময়ে দ্বিগুণ টাকা হাঁকতে পারবে ওলা, উবার, ইনড্রাইভ

Advertisement

কিংবা র‌্যাপিডোর মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এমনটাই বলছে সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন গাইডলাইন। মূল্যবৃদ্ধির চাপে বর্তমানে নাজেহাল সাধারণ মানুষ। অফিস টাইমে বাসে-ট্রেনে বাদুড়ঝোলা ভিড় এড়াতে বহু চাকরিজীবীরই ভরসা অ্যাপ-বাইক কিংবা গাড়ি। সেই আরামের যাত্রাতেও এবার হতে চলেছে ‘দ্বিগুণ’ দামি।
এতদিন পর্যন্ত অ্যাপ ক্যাব সংস্থাগুলি বেস ফেয়ার বা মূল ভাড়ার সর্বাধিক দেড়গুণ পর্যন্ত টাকা নিতে পারত। সেই নিয়মে বদল আনার সুপারিশ করা হয়েছে গত ১ জুলাই জারি হওয়া ‘মোটর ভেহিকলস এগ্রিগেটর গাইডলাইন, ২০২৫’-এ। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে পাঠানো সেই গাইডলাইনের ১৭ নম্বর পয়েন্টে রয়েছে দ্বিগুণ ‘সার্জ’-এর বিষয়টি। সাফ জানানো হয়েছে, ‘ম্যাক্সিমাম ডায়নামিক প্রাইসিং’ মূল ভাড়ার দ্বিগুণ করতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। তবে ব্যস্ততম সময়ের বাইরে বেস ফেয়ারের ৫০ শতাংশের নীচে ভাড়া কমানো যাবে না। রাজ্যগুলিকে আগামী তিনমাসের মধ্যে সংশোধিত এই গাইডলাইন চালুর পরামর্শ দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, বিভিন্ন ক্যাটিগরির গাড়ির ক্ষেত্রে সংশোধিত বেস ফেয়ার কত হবে, সেবিষয়ে রাজ্য সরকারগুলি বিজ্ঞপ্তি জারি করবে। যদিও যাত্রী স্বার্থের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার এই সুপারিশ মানতে নারাজ। এপ্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাত্রীদের উপর ভাড়ার বোঝা চাপাতে চায় না। সেই কারণেই প্রথম রাজ্য হিসেবে বাংলাতেই চালু হয়েছে যাত্রীসাথী অ্যাপ। দেশের মধ্যে সবথেকে সস্তায় অ্যাপ-ক্যাব পরিষেবা মেলে এরাজ্যে। ফলে মোদি সরকার যা-ই গাইডলাইন দিক, আমরা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এব্যাপারে পদক্ষেপ নেব।’
কেন্দ্রের গাইডলাইনে বুকিং বাতিলের ক্ষেত্রে সুনির্দিষ্ট জরিমানা আরোপের কথাও বলা হয়েছে। চালক কোনও কারণ ছাড়া বুকিং ক্যানসেল করলে ভাড়ার ১০ শতাংশ (সর্বাধিক ১০০ টাকা) জরিমানা গুনতে হবে। এই টাকা ভাগাভাগি করে দিতে হবে চালক ও সংশ্লিষ্ট সংস্থাকে। একই নিয়ম প্রযোজ্য যাত্রীদের ক্ষেত্রেও। এছাড়া অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে চালকদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ও ১০ লক্ষ টাকার টার্ম ইনস্যুরেন্সের ব্যবস্থা করার সুপারিশও রয়েছে গাইডলাইনে। মন্ত্রকের তরফে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, ভাড়া নিতে হবে শুধুমাত্র গাড়িতে ওঠার স্থান থেকে যাত্রীর গন্তব্যের দূরত্ব পর্যন্ত। এছাড়া যেসব চালকের রেটিং পাঁচ পারসেন্টাইলের নীচে নেমে যাবে, তাঁদের প্রতি ত্রৈমাসিকে রিফ্রেশার ট্রেনিং নিতে হবে। সেই ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সংস্থা। কোনও চালক তাতে অংশ না নিলে তাঁকে সরিয়ে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ