তসরের শাড়িতে দুটো ভিন্ন লুকে সেজেছেন কোয়েল মল্লিক। নায়িকার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট কেমন? চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে জানালেন নানা কথা।
তসরের শাড়িতে দুটো ভিন্ন লুকে সেজেছেন কোয়েল মল্লিক। নায়িকার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট কেমন? চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে জানালেন নানা কথা।
ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁর পরিবার। আদ্যন্ত কমার্শিয়াল ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু। ইদানীং একের পর এক দুর্দান্ত গল্পে অভিনয় করছেন। তিনি কোয়েল মল্লিক। মুক্তির অপেক্ষায় নায়িকার ‘মিতিন: একটি খুনির সন্ধানে’। কোয়েলের মতে, সকলের মধ্যেই মিতিন রয়েছে। প্রয়োজনে সে কঠিন হতে পারে। আবার তার মধ্যে স্নেহও রয়েছে। ঠিক যেন বহুদিনের চেনা মানুষ। কোয়েল নিজেও তাই। যে রূপেই তিনি অভিনয় করুন, দর্শক তাঁকে ভালোবাসেন চেনা মানুষের মতোই। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটেও কোয়েল ধরা দিলেন সেই পরিচিত রূপে। তবে এদিনের সাজে ছিল চমক। চেনার মধ্যেও যেন অচেনা সুর। প্রথম শাড়িটি হলুদ এবং টারকোয়েজ নীলের কম্বিনেশনে তৈরি গোপালপুর তসর। টেম্পল বর্ডার। আঁচল জুড়ে সাবেকি নকশা এর বিশেষত্ব। খোলা চুলের মায়ায় কোয়েল যেন সত্যিই অনন্য হয়ে উঠেছিলেন। দ্বিতীয় শাড়িটিও তসর। কালো জমিতে গোল্ডেন পাড়। কলার দেওয়া ব্লাউজের সঙ্গে ক্যারি করলেন কোয়েল। নজরকাড়া ব্রোচ সাজে অন্য মাত্রা যোগ করেছিল। কখনও স্মোকি চোখের মেকআপ। কখনও বা ম্যাট লিপস্টিক, প্রয়োজন অনুযায়ী মেকআপ করা জরুরি। এই ধরনের শাড়ি পরে সারাদিন অফিস করার পরও পার্টিতে যাওয়া যায়। শুধু মেকআপ বা গয়না বদলে নিলেই চলবে। কোয়েল সব ধরনের লুকেই নিজেকে দারুণভাবে ক্যারি করেন। কখনও পাশের বাড়ির মেয়ে। কখনও বা নায়িকা। এখন তাঁর ‘মিতিন’ পর্ব চলছে। কোয়েলর স্টাইলের মূলমন্ত্র হল সাধারণের মধ্যেও অসাধারণ।
স্বরলিপি ভট্টাচার্য